প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ‘কাবাডি থেকে সোহাগের বিদায়ের রাগিনী!’ শিরোনামে ‘আলোকিত বাংলাদেশ’ এ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ।

গতকাল দেওয়া প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, ‘প্রতিবেদনে উপস্থাপিত তথ্যের একটি বর্ণও সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। ‘জার্মানিতে পাঠানোর নামে ১০ কোটি টাকা আত্মসাৎ’- এই দাবি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ভিত্তি এবং প্রমাণ ছাড়া প্রতিবেদনের এমন দাবি উদ্বেগজনক। প্রতিবেদনে কোনো তদন্তকারী সংস্থার বক্তব্য নেই, কোনো আইনি নথির উল্লেখ নেই, কোনো প্রত্যক্ষদর্শীর বিশ্বাসযোগ্য সাক্ষ্য নেই- শুধু প্রতিপক্ষের বিষোদ্গার এককভাবে পরিবেশন করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রকাশিত প্রতিবেদন এবং তার ভাষ্য সাংবাদিকতার মৌলিক নীতির সঙ্গে খুবই সাংঘর্ষিক। যা নিরপেক্ষ সাংবাদিকতা নয়, এটি সুপরিকল্পিত চরিত্র হনন। ব্যক্তির ইমেজ নষ্ট করতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেই আমি মনে করছি। একই রকম প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভিন্ন নিউজ পোর্টালেও। যা প্রমাণ করে এটি একটি সিন্ডিকেট নিউজ।’

প্রতিবেদনে উল্লেখিত ‘ফ্যাসিস্ট সোহাগ’- শব্দযুগলের বিষয়ে তিনি বলেন, ‘এই ভাষা কোনো সংবাদপত্রের জন্য আদৌ গ্রহণযোগ্য কি না- আমি সন্দিহান। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম কখনও অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে কাউকে এভাবে কলঙ্কিত করে না।’

নেওয়াজ সোহাগ বলেন, ‘দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত, পেশাগত এবং সাংগঠনিকভাবে হাজারো-লাখো মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। যাদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের মতাদর্শ আমি ধারণ করি কি না- এটাই হচ্ছে যৌক্তিক পয়েন্ট। কোনো সংস্থা বা ফেডারেশনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অর্থ এই নয় যে, আমি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের অনুসারী।’

তিনি উল্লেখ করেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়েছে কি না, কোনো সংস্থা তদন্ত শুরু করেছে কি না, প্রতিবেদনে তার কোনো উল্লেখ নেই। কারণ, এসব অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই।’