নারী বিপিএল
১০ লাখ টাকার ‘আইকন’ ক্রিকেটার জ্যোতি-নাহিদা ও সোবহানা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দা উঠছে নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আগামী ৩ এপ্রিল থেকে দেশের দুই ভেন্যুতে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দলের এই জমজমাট আসর, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু করে দিয়েছে বোর্ড।
টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ‘আইকন’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি। এই তিনজনই তিন দলের নেতৃত্ব দেবেন।
এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ৬ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির জন্য ৫ লাখ এবং ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা যথাক্রমে ৩ লাখ ও দেড় লাখ টাকা করে পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে প্রতিটি দলকে অন্তত চারজন করে খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে এবং ম্যাচের একাদশে অন্তত ২ জন বিদেশি খেলানো বাধ্যতামূলক। বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামো ক্যাটাগরি ভেদে ৩ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সরাসরি চুক্তিতেও বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবে।
