আজ ফিরছেন মুশফিক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। ভয়াবহ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। তেহরানও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিতে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের কারণে এ অঞ্চলের আকাশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। জেদ্দা বিমানবন্দরে আটকা পড়া মুশফিকুর রহিমের সঙ্গ কথা হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তিনি জানালেন, রাতের ফ্লাইটে রওনা হয়ে সোমবার সকালেই দেশে ফিরবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ওমরাহ করতে কিছুদিন আগে মক্কায় যান মুশফিক। সামাজিকমাধ্যমে শনিবার তিনি জানান, জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার পথে যুদ্ধের কারণে তার ফ্লাইট আবার জেদ্দায় ফিরে গেছে। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার কথাও উল্লেখ করেছিলেন দেশের সফলতম ব্যাটসম্যান। ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক ফুটবলার আমিনুল রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, মুশফিকের দেশে ফেরার ব্যবস্থা হয়েছে। ‘আমি নিজেই পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল ও পরিপূর্ণভাবে নিজেই এটি মনিটর করছি। মুশফিকুর রহিমের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আজকে রাতের একটি ফ্লাইটে মুশফিক আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে বলে আশা করছি। এখনও পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা বাংলাদেশিরা, বিভিন্নভাবে এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন। সবার প্রতি আমার শুভ কামনা এবং মুশফিক কালকে সকালেই দেশে ফিরে আসবে আশা করি।’
