‘আমার ধারণার চেয়েও শক্তিশালী বাংলাদেশ’

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

উত্তর কোরিয়া কোচ রি সং হোর সংবাদ সম্মেলনে অধিকাংশ কথাই বলতে হলো বাংলাদেশকে নিয়ে। কোনো রাখঢাক না রেখে তিনি প্রতিপক্ষ নিয়ে নিজের ভাবনা জানালেন। চীনের বিপক্ষে ঋতুপর্ণা-আফঈদাদের উজ্জীবিত পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে উত্তর কোরিয়া কোচ বললেন, তার আগের ধারণার চেয়ে বাংলাদেশ দল অনেক বেশি শক্তিশালী। নারী এশিয়ান কাপের গ্রুপে পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও বাংলাদেশ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল উঠবে কোয়ার্টার-ফাইনালে। উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে সেরা আটে খেলার সম্ভাবনা জোরাল করে রেখেছে উত্তর কোরিয়া।

প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া সবশেষ এই শিরোপা জিতেছিল ২০০৮ সালে। ২০১০ সালে হয়েছিল রানার্সআপ। এরপর নিষেধাজ্ঞা, বাছাই পেরুতে না পারা, নিজেদের প্রত্যাহার করে নেওয়া মিলিয়ে গত তিন আসরে ছিল অনুপস্থিত। ১৫ বছর পর এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তারা ফিরেছে ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে থেকে। অন্যদিকে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। তবে চীন ম্যাচের পর পিটার জেমস বাটলারের দল নিয়ে ভাবনা বদলে গেছে রি সং হোর। ‘প্রথম ধাপের ম্যাচটি আমরা সফলভাবে শেষ করেছি এবং সেখানে জয় পেয়েছি। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় সুযোগ। আমরা এখন শুধু আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি, যাতে আমরা সেরা ফলাফল অর্জন করতে পারি।’

তিনি বলেন, ‘এখানে এসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে, বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণ দিতে গেলে, তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। তারা বেশ দ্রুতগতির দল। তাই আগামীকালের ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে, যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’

চীনের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শটটি চোখে লেগে আছে উত্তর কোরিয়া কোচের। শটে ঋতুপর্ণা গোল না পেলেও তাকে নিয়ে সতর্ক রি সং হো। বললেন, বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে সাবধানী হতে হবে তাদের। ‘মূলত আমি তাদের আক্রমণভাগের তিন জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যে বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন। আমি আগেই বলেছি, তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ- উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই আগামীকালের ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’

উত্তর কোরিয়া কোচ বলেন, ‘গত কয়েক বছর আগের কথা চিন্তা করলে দেখা যায়, পূর্ব এশিয়ার তুলনায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের মান বেশ নিচে ছিল। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে, বাংলাদেশসহ এই অঞ্চলের দলগুলো খুব দ্রুত উন্নতি করছে। আপনি ২০১৯ সালের ম্যাচের কথা বললেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকালের (চীনের বিপক্ষে) ম্যাচ দেখে যা বুঝেছি, বাংলাদেশ দল অনেক বড় এবং দ্রুত উন্নতি করেছে। এখন তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হচ্ছে।’