চট্টগ্রামে নারী বিভাগীয় টুর্নামেন্টের পর্দা উঠছে
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ডিভিশনাল উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬। আজ থেকে ১২ মার্চ পর্যন্ত হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সম্ভাবনাময় নারী ক্রিকেটাররা অংশ নেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরীর উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য হলো বিভাগের নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক একটি মঞ্চ তৈরি করা এবং তৃণমূল ও বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটের বিকাশে অবদান রাখা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন এই লিগে। ড্রাফটের মাধ্যমে তাদের চারটি দলে ভাগ করা হয়েছে। দলগুলো হলো- পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব এবং টিম আইএসসিএল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।
লিগের জন্য খেলোয়াড়দের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং ম্যাচভিত্তিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে থাকা ১২ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৭ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’-তে থাকা ১৫ জন খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা এবং ক্যাটাগরি ‘সি’-তে থাকা ২৯ জন খেলোয়াড় প্রতি ম্যাচে পাবেন ৪ হাজার টাকা।
