নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
গতকাল রোববার ছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। নারীদের প্রতি সম্মান ও তাদের অবদানকে স্মরণ করার এই দিনে দেশের নারী ক্রিকেটারদের সাফল্য ও সংগ্রামের কথাও আলোচনায় এসেছে নতুন করে। বাংলাদেশের ক্রিকেটে নারী দলের অর্জন এরমধ্যেই পেয়েছে বিশেষ স্বীকৃতি।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে বৈশ্বিক কোনো বড় আসরে বাংলাদেশের একমাত্র ট্রফি এসেছে নারী ক্রিকেট থেকেই। নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক অধ্যায় যোগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এই সাফল্যের পথ মোটেই সহজ ছিল না। বাংলাদেশের বাস্তবতায় নারী হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়। নানা সামাজিক বাধা, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে দেশের নারী ক্রিকেটাররা নিজেদের জায়গা তৈরি করেছেন। সেই সংগ্রাম আর পরিশ্রমের ফলেই আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ক্রিকেটারদের এই অবদানকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় নারী দলের অগ্রযাত্রার প্রশংসা করেন তিনি। গতকাল বিসিবির প্রকাশিত ভিডিওতে মিরাজ বলেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছেন, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’ নারী দিবস উপলক্ষে মিরপুরের একাডেমি মাঠেও নারী ক্রিকেটারদের জন্য বিশেষ আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের ক্রিকেটারদের। এ সময় আনন্দঘন পরিবেশে নারী ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেন।
