ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধিদল

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করছে। তিনটি ওয়ানডে খেলতে এসেছে তারা। গতকাল প্রথম ওয়ানডেতে মিরপুরে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি অতিথিরা। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে আরও দুই ওয়ানডের পর এপ্রিলে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

নিউজিল্যান্ড দলের সফরের আগে তাদের প্রতিনিধিদল গতকাল ঢাকায় এসেছে। তিন সদস্যের প্রতিনিধিদল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এসেছেন। তারা নিউজিল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। ম্যাচ ও অনুশীলন ভেন্যু, হোটেল, স্টেডিয়ামের আসা-যাওয়ার পথ এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা দেখবেন প্রতিনিধিদল। তাদের রিপোর্টের ভিত্তিতে নিউজিল্যান্ড সফরের ক্রিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।