জিতল আবাহনী শীর্ষে কিংস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে জিতেছে আবাহনী লিমিটেড। জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংসও। গতকাল শনিবার বসুন্ধরা সিটির কিংস অ্যারেনায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইটা উপভোগ্যই হল। কিংস ও ফর্টিজ উপহার দিল পাঁচ গোলের রোমাঞ্চকর ফুটবল। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটিতে ব্যবধান গড়ে দিলেন ডরিয়েলটন। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে এককভাবে শীর্ষে উঠেছে কিংস। কিংসের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ফর্টিস। ১৯ মিনিটে তাদের এগিয়ে দেন ওনিয়েকাচি ওকাফোর। কিংস ডিফেন্ডার ইমানুয়েল টনির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক থ্রু পাস দেন পা ওমর বাবু। কিংস গোলকিপার আনিসুর রহমান জিকোকে নাটমেগ করে বল জালে জড়ান ওনিয়েকাচি ওকাফোর।
জবাব দিতে বেশি সময় নেয়নি কিংস। ২৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ডরিয়েলটন। ফর্টিজের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর সজীব বক্সে রাকিব হোসেনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতিতে সমতা ছিল ১-১ গোলে। ৫২ মিনিটে ডরিয়েলটনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় কিংস। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে পা ছুঁইয়ে তাদের এগিয়ে দেন ডরিয়েলটন। ৭৫ মিনিটে ফর্টিজের নেপালি ফরোয়ার্ড অনন্ত তামাং সমতা ফেরালে জমে উঠে ম্যাচ। শেরিংয়ের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান তিনি। তবে ডরিয়েলটন তিন মিনিট পর আবারও এগিয়ে দেন কিংসকে। সানডে ইমানুয়েলের থ্রু পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে করা ফাহিমের বাড়ানো পাসে এবারের লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। এই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। তবে শেষ দিকে গোলকিপারকে একা পেয়েও ফর্টিজের ওকাফোর সুযোগ নষ্ট না করলে অন্যরকমও হতে পারত ম্যাচের ভাগ্য।
১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা কিংসের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস।
এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আকাশী হলুদরা এবং সমান ম্যচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে গোপীবাগের দলটি।
