পিএসএলে এবার নাহিদের দলে শরিফুলও
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। নিলামে বিক্রি না হলেও তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পেশোয়ার জালমি নিশ্চিত করেছে, পিএসএলের ১১তম আসরে দেখা যাবে শরীফুলকে। একই দলে শরিফুল সতীর্থ হিসেবে পাচ্ছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে। ২৪ বছর বয়সি শরিফুলের জন্য এটিই হতে যাচ্ছে পিএসএলের প্রথম অভিজ্ঞতা। শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ইয়েলো স্টর্ম (পেশোয়ারের ডাক নাম) আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’
বাংলাদেশ দলের পেস আক্রমণে শরিফুল এখন নিয়মিত মুখ। তিন সংস্করণেই খেলছেন ধারাবাহিকভাবে। সাম্প্রতিক কালে দারুণ ছন্দেও আছেন তিনি। গত জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা শরিফুল মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে নিয়েছিলেন ২৬টি উইকেট, যা টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। তবে এমন পারফরম্যান্সের পরেও গত মাসে অনুষ্ঠিত পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন শরিফুল। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। এবার দল পেলেন সরাসরি চুক্তিতে।
শরিফুল একা নন, এবারের পিএসএলে বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার খেলবেন। আগেই দল পেয়েছিলেন নাহিদ রানা, পারভেজ হোসেন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ অবিক্রিত থাকলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দল পান। তবে সব আলো কেড়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
