শীর্ষ দশে মিরাজ, নাহিদের বড় লাফ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানোর পথে বল হাতে মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ অবদান রাখার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। বড় লাফ দিয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল বুধবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে প্রথম একশ জনের মধ্যে ঢুকেছেন নাহিদ। তার অবস্থান এখন ৯৮তম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৯ রানে তিন উইকেট নেন মিরাজ। পরের ম্যাচে ৩৪ রান খরচায় ধরেন দুই শিকার। সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।
প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে আছেন মিরাজ। ওয়ানডে বোলারদের মধ্যে তার সেরা র্যাঙ্কিং দ্বিতীয়। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দেন নাহিদ। ২৪ রান খরচায় পাঁচ শিকার ধরেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড। পরের দুই ম্যাচে খরুচে নাহিদ নেন মোট তিনটি উইকেট। তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে জেতেন সিরিজ সেরার পুরস্কার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তাসকিন। প্রথম দুই ম্যাচে একটি করে শিকার ধরা অভিজ্ঞ পেসারের অগ্রগতি ১২ ধাপ, আছেন ২৮তম স্থানে।
শেষ ম্যাচে তিনটিসহ সিরিজে মোট পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১৩ ধাপ। বাঁহাতি অভিজ্ঞ পেসারের অবস্থান এখন ৪৭তম। পাকিস্তানের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি নেই। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ আফগানিস্তানের রাশিদ খান। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি চূড়ায় ড্যারিল মিচেল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০৭ রানের ওই ইনিংসের সুবাদে ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন বাঁহাতি ওপেনার। এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে আছেন।
শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। ১০৬ রানের ইনিংসের সৌজন্যে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে আছেন তিনি, যৌথভাবে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ।
