ভিয়েতনামের ভাবনায় হামজা চৌধুরী

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভিয়েতনামের ফিফা র‍্যাংকিং ১০৩ আর বাংলাদেশের ১৮১। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সব দিক থেকেই বাংলাদেশ ফুটবল দলের চেয়ে এগিয়ে। এরপরও ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশ নিয়ে চিন্তিত। একটাই কারণ হামজা দেওয়ান চৌধুরী।

হামজা কয়েক মৌসুম আগে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন। এখন খেলছেন পরের স্তর চ্যাম্পিয়নশীপ লিগে। গত বছর তিনি বাংলাদেশ দলে খেলার পর থেকে চিত্র অনেকটা বদলেছে। পুরো মাঠজুড়ে হামজা। বাংলাদেশের দলীয় শক্তি অনেক বেড়েছে। তাই বাংলাদেশের খেলা হলেই প্রতিপক্ষ কোচের ভাবনায় হামজা। গতকাল বুধবার ভিয়েতনামের হ্যানয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিয়েতনামের কোচ কিম সাং-সিক বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তার শক্তির মোকাবিলা করার উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা।’

বাংলাদেশ দলের অনেক ফুটবলারের বয়স ২৩ এর নিচে। যারা কয়েক মাস আগে ভিয়েতনামে অ-২৩ এএফসি বাছাই টুর্নামেন্ট খেলেছেন। সেই টুর্নামেন্ট দেখেছেন ভিয়েতনামের কোচ। বাংলাদেশের বর্তমান দলকে তিনি শক্তিশালী হিসেবেই দেখছেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ অনেক বদলে গেছে। কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কিছু খেলোয়াড় আগে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে খেলেছে। আমার বিশ্বাস, তাদের বর্তমান দল আগের চেয়ে অনেক শক্তিশালী।’

বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা ও হামজাকে নিয়ে চিন্তা করলেও নিজের দলের প্রতি আস্থা রয়েছে শতভাগ। নিজ দল নিয়ে বলেন, ‘অনেকদিন পর পুরো দল একসঙ্গে জড়ো হয়েছে। নতুন খেলোয়াড়দের অবদান দেখার জন্য আমি খুবই আগ্রহী, বিশেষ করে হোয়াং হেনের মতো খেলোয়াড়দের। ভিয়েতনাম জাতীয়দল ভক্তদের আনন্দ দিতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।’

অধিনায়ক ডো জুই মান বলেন, ‘আমরা মনোযোগ ধরে রাখব, শৃঙ্খলার সঙ্গে খেলব এবং কোচিং স্টাফের নির্দেশনা অনুসরণ করব। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও আমরা জয়ের লক্ষ্যেই খেলব, কারণ এটি আমাদের ফিফা র‍্যাংকিংয়ের ওপর প্রভাব ফেলে।’