এস্তেহেইজেনের বিস্ফোরক ইনিংসে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

চারে নেমে বিস্ফোরক ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দিলেন কনর এস্তেহেইজেন। পরে মিলিত অবদানে বাকিটা সারলেন বোলাররা। সহজেই নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল কেশাভ মহারাজের দল। সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৮৮ রানের লক্ষ্য দিয়ে নিউ জিল্যান্ডকে ১৫৪ রানে থামিয়েছে তারা। তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল গত বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ড। শেষ পর্যন্ত তারা হেরে গেল ৩-২ ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এস্তেহেইজেন ৩৩ বলে ছয়টি ছক্কা ও পাঁচটি চারে খেলেছেন ৭৫ রানের বিস্ফোরক ইনিংস। দুই দল মিলিয়ে আর কেউ চল্লিশ ছুঁতে পারেননি। ক্রাইস্টচার্চে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টনি ডি জর্জিকে হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ভিয়ান মুল্ডার ও রুবিন হার্মান।

একাদশ ওভারে ক্রিজে গিয়ে এস্তেহেইজেন পাল্টে দেন খেলার চিত্র। আগ্রাসী ব্যাটিংয়ে চড়াও হন স্বাগতিক বোলারদের উপর।

হার্মানের সঙ্গে ৪৯ ও ডিয়ান ফরেস্টারের সঙ্গে ৬১ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এস্তেহেইজেন। ৩১ বলে এক ছক্কা ও চারটি চারে ৩৯ রান করেন হার্মান। ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন ফরেস্টার। এস্তেহেইজেনের তাণ্ডবে শেষ ১০ ওভারে ১১১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। বড় রান তাড়ায় ভাঙে নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি। স্বাগতিকদের প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই দুই অঙ্ক স্পর্শ করেন, তবেই নিজের ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে ৬৯ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর প্রতিরোধ গড়েন বেভন জ্যাকবস ও জিমি নিশাম। পঞ্চম উইকেটে দুইজনে গড়েন ৫২ রানের জুটি।

১৯ বলে তিন ছক্কা ও দুই চারে জ্যাকসব ৩৬ রান করে ফেরার পর আর কেমন কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল্যান্ড। কঠিন সমীকরণ মেলাতে শেষে যে ঝড়ো ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেটা করতে পারেননি কেউই। এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া নিশাম ২৪ বলে ২৪ রান করে আউট হন শেষ ওভারে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন জেরাল্ড কুটসিয়া, মুল্ডার ও বার্টম্যান।

ম্যাচ সেরা এস্তেহেইজেন জেতেন সিরিজ সেরার পুরস্কার। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৫০ গড়ে করেন ২০০ রান। তিনি ছাড়া ১০০ রানের বেশি করতে পারেননি আর কেউ।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৮৭/৪ (ডি জর্জি ১২, মুল্ডার ৩১, হার্মান ৩৯, এস্তেহেইজেন ৭৫, ফরেস্টার ২১*, স্মিথ ১*; জেমিসন ৪-০-৪৩-০, ফোকস ৪-০-২২-১, ম্যাকনকি ৪-০-৪৮-০, নিশাম ২-০-২১-০, ক্লার্কসন ২-০-১৪-১)

নিউ জিল্যান্ড : ২০ ওভারে ১৫৪/৮ (ক্লার্ক ২, রবিনসন ২৫, ক্লিভার ২২, কেলি ১৪, জ্যাকবস ৩৬, নিশাম ২৪, ক্লার্কসন ১৩, ম্যাকনকি ১, ফোকস ৪*, জেমিসন ৪*; মুল্ডার ৩-০-২৮-২, লিন্ডা ২-০-১১-০, বার্টম্যান ৪-০-৩৩-২, সুব্রায়েন ৪-০-২২-০, মহারাজ ৩-০-৩৫-১)

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী

সিরিজ : ৩-২ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যাচ অব দ্য ম্যাচ : কনর এস্তেহেইজেন

ম্যাচ অব দ্য সিরিজ : কনর এস্তেহেইজেন