মিরপুরে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে নামেন দেশের সাবেক ক্রিকেটাররা। একদিকে ছিলেন শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা; অন্যদিকে রফিক, খালেদ মাসুদ পাইলটদের দল। তবে শেষ পর্যন্ত লড়াইটা একপেশেই হয়ে যায়। রফিকের দাপটে বড় ব্যবধানে জয় পায় লাল দল। ম্যাচে সবুজ দলকে ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দল। তাদের ২১৪ রানের জবাবে মাত্র ৯০ রানেই থামে সবুজ দলের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হন লাল দলের রফিক। প্রথমে ব্যাট করতে নেমে লাল দল গড়ে তোলে বিশাল সংগ্রহ; ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান। এই ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাসির উদ্দিন ফারুক, ৫৩ বলে খেলেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। তবে দর্শকদের আসল উচ্ছ্বাস ছিল রফিককে ঘিরেই। মাত্র ২৩ বলেই তুলে নেন অর্ধশতক। চার-ছক্কার দারুণ মিশেলে তার ৫০ রানের ইনিংস যেন সময়কে পেছনে ফিরিয়ে নেয়। অর্ধশতক পূরণের পরের বলেই আউট হলেও নিজের কাজটা ঠিকই সেরে দেন তিনি।

সবুজ দলের হয়ে ফয়সাল হোসেন ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া রাজ্জাক, তালহা জুবায়ের ও আনোয়ার হোসেন একটি করে উইকেট পান।

২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সবুজ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় ইনিংস। শাহরিয়ার নাফিস ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, আশরাফুলের এক ওভারে দুটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু দলের অন্য কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

এদিকে বল হাতে আবারও আলো ছড়ান রফিক। নিজের প্রথম বলেই উইকেট নিয়ে ম্যাচে জানান দেন।

এরপর একে একে মোট ৪ উইকেট শিকার করেন তিনি। তার উদযাপন ছিল নজরকাড়া- নাচতে নাচতে উইকেট উদযাপন দেখে বোঝার উপায় ছিল না, তিনি ৫৫ বছরের একজন সাবেক ক্রিকেটার। তার সঙ্গে বোলিংয়ে দারুণ সহায়তা দেন ইলিয়াস সানি, যিনি একাই নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল দল।