আশা বাঁচিয়ে রাখল ইতালি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। গত বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে ইতালি ২-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান প্লে-অফের ফাইনালে উঠল চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ঘরের মাঠ বারগামোতে ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল ইতালি। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় আজ্জুরিরা।

আক্রমণের চেষ্টা করেও, রক্ষণদূর্গে ফাটল ধরাতে পারেনি ইতালি। শেষ পর্যন্ত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। অবশেষে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সান্দ্রো টোনালির নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইতালি। বক্সের সামনে থেকে দুর্দান্ত হাফ-ভলি শটে গোল আদায় করে নেন তিনি। এরপর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইতালি। কিন্তু ব্যবধান দ্বিগুণ করতে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। প্রথম গোলের মালিক টোনালির পাস থেকে দারুণ শটে গোল করেন ময়জে কিন। ২-০ গোলে এগিয়ে ম্যাচের লাগাম নেয় ইতালি। ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি। এ ম্যাচ জিতলে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে ইতালি। ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল ইতালি। ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল তারা।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে-অফের সেমিফাইনাল পর্বের অন্যান্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ৪-২ গোলে ওয়েলসকে, পোল্যান্ড ২-১ গোলে আলবেনিয়াকে, সুইডেন ৩-১ গোলে ইউক্রেনকে, কসোভো ৪-৩ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে, তুরস্ক ১-০ গোলে রোমানিয়াকে, ডেনমার্ক ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে এবং চেক প্রজাতন্ত্র টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। ফাইনালে সুইডেন-পোল্যান্ড, কসোভো-তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক মুখোমুখি হবে। আন্তমহাদেশীয় প্লে-অফের ফাইনালে লড়বে ডিআর কঙ্গো-জ্যামাইকা এবং ইরাক-বলিভিয়া।

আগামী ৩১ মার্চ ইউরোপ অঞ্চল এবং আন্তমহাদেশীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের জয়ীরা এ বছরের বিশ্বকাপে জায়গা করে নেবে।