ভারতের সঙ্গে ড্র, গ্রুপ রানার্সআপ বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

চলমাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। বাংলাদেশের নজর ছিল গ্রুপ চ্যাম্পিয়নে। এ জন্য প্রয়োজন ছিল ভারতের বিপক্ষে জয়। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ল লাল সবুজ দল। তবে ধাক্কা সামলে সমতা ফেরালেও জয়সূচক গোলের দেখা পেল না বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়েই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ চারে খেলবে তারা। গতকাল শনিবার মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে জিতে আসরে যাত্রা শুরু করেছিল ভারত। ফলে একটি করে জয় ও ড্রয়ে পয়েন্ট সমান ৪ করে হলেও গোল পার্থক্যে এগিয়ে ভারত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ গ্রুপ রানার্সআপ।
শুরু থেকে জমে ওঠে লড়াই। বাংলাদেশ চাপ দিতে থাকে ভারতের রক্ষণে। দ্বাদশ মিনিটে কর্নারে আশিকুর রহমানের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। খেলার ধারার বিপরীতে সপ্তদশ মিনিটে এগিয়ে যায় ভারত। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন বিশাল যাদব। যোগ করা সময়ে জদ্রিক আব্রামচান্সের প্লেসিং শট লক্ষে থাকেনি, ফলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারেনি ভারত। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে যোগ করা সময়ের শুরুর দিকে ভারতের গোলকিপার কোচ সন্দীপ নন্দী লালকার্ড দেখেন। এর একটু পরই সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে। রোনান বেঞ্জামিন সুলিভানের কর্নারে দূরের পোস্টে থাকা আব্দুল রিয়াদ ফাহিম নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। ৬৩তম মিনিটে বাংলাদেশের ত্রাতা গোলকিপার ইসমাইল হোসেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেওয়া ওমাং দুদু শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে হাত বাড়িয়ে বল কর্নার করে দেন তিনি। নিশ্চিত গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ।
একটু পর ভারতের স্যামসনকে বক্সের ঠিক ওপর থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। ওমং দুদুর ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।
সেই কর্নার ফিরিয়ে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। ৮৭তম মিনিটে রোনানের শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। বাকি সময়ে বাংলাদেশ পায়নি জয়সূচক গোলের দেখা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১ এপ্রিল বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মাঠে গড়িয়েছে সাতবার। ভারত চার বার, নেপাল দুই এবং বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতেই নেপালকে ৪-১ গোলে উড়িয়ে সেরা হয়েছিল বাংলাদেশ।
