পিএসএল অভিষেকে জয় দেখলেন শরিফুল

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিষেকে জয় দেখেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তাদের দল পেশাওয়ার জালমি এদিন বাংলাদেশের আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনদের রাওয়ালপিন্ডি পিন্ডিজকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। গতকাল শনিবার শুরুতে টস জিতে ব্যাট করেছে রাওয়ালপিন্ডি। ৪ উইকেটে ২১৪ রান করে তারা। ব্যাট হাতে ইনিংসের মূল কারিগর ছিলেন ওপেনার ইয়াসির খান। ৪৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। আরেক ওপেনার ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১। শেষ দিকে ড্যারিল মিচেল ১৩ বলে ২৩ ও স্যাম বিলিংস ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন। রিশাদকে অবশ্য ব্যাটিংয়ে আর নামতে হয়নি।

পিএসএল অভিষেকে বল হাতে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম অবশ্য উইকেটশূন্য থেকেছেন। ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন। পাওয়ার প্লেতে ৩ ওভার ঠিকঠাক করলেও শেষটায় ১৯তম ওভারে খরুচে হয়ে পড়েন। দিয়েছেন ১১ রান। এছাড়া আলী রেজা ৪২ রানে দুটি উইকেট নিয়েছেন। ৩৬ রানে একটি নিয়েছেন অ্যারন হার্ডি। আমের জামালও একটি নেন ৪৩ রানের বিনিময়ে।

জবাবে সম্মিলতি ব্যাটিং নৈপুণ্যে ১৯.১ ওভারেই ২১৫ রান তাড়া করে ছাড়ে পেশাওয়ার। জয়ের মঞ্চ গড়ে দেন মোহাম্মদ হারিস (৪৭) ও বাবর আজম (৩৯)। ৭৮ রানের ওপেনিং জুটি গড়েন তারা। বাবর ২৮ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংস খেলে ফিরলে ভাঙে জুটি। হারিস যখন ফেরেন তখন ১০ ওভারেই দলটি ২ উইকেটে তুলে ফেলে ৯৬ রান। তার পর কুশল মেন্ডিস নেমেই ইনিংসে গতি ফেরান। ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় করেছেন ৩১। অ্যারন হার্ডিকে (৮) নিয়ে চাপ সৃষ্টি করছিলেন তিনি। হার্ডিকে ফিরিয়ে তৃতীয় উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন।

১৫তম ওভারে কুশল ফিরলে পতন হয় চতুর্থ উইকেটের। তাতে চাপ বাড়লেও তখন আব্দুল সামাদ ও মাইকেল ব্রেসওয়েলের জুটি স্থিতি আনে। ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রানের বিধ্বংসী ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে বিদায় নেন সামাদ। তার পর আমের জামাল ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ভূমিকা রাখেন।