হোটেলে অতিথি : আফ্রিদিকে বাঁচাতে দায় নিলেন রাজা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ‘জোরপূর্বক’ হোটেল কক্ষে অতিথি নিয়ে যাওয়ায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও অলরাউন্ডার সিকান্দার রাজার বিরুদ্ধে। এই ঘটনায় আফ্রিদিকে দায়মুক্ত করার চেষ্টা করে রাজা বলেছেন, তিনি তার দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং আফ্রিদি শুধু সেই ব্যবস্থা করতে তাকে সাহায্য করেন। লাহোর কালান্দার্সের টিম হোটেলে গত শনিবার রাতে খেলোয়াড়দের কক্ষে চার জন অতিথি ‘জোরপূর্বক’ নিয়ে যাওয়ার অভিযোগ এনে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরকে পরদিন একটি চিঠি পাঠায় পাঞ্জাব পুলিশ। সেই চিঠি ফাঁস হয়ে যায় সামাজিক মাধ্যমে। এতে লাহোর কালান্দার্স, আফ্রিদি ও রাজার বিরুদ্ধে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, পিসিবির নিরাপত্তা ও দুর্নীতি দমন ব্যবস্থাপক ও নাসিরের পক্ষ থেকে অনুমতি না দেওয়া সত্ত্বেও রাজার কক্ষে তিনি ও আফ্রিদি অতিথি নিয়ে গিয়েছিলেন। চিঠিতে দাবি করা হয়, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা সময় কাটান।
যদিও রাজার দাবি, তার কক্ষে অতিথিরা শুধু ৪০ মিনিট ছিলেন। আফ্রিদিকে নিয়ে পুলিশের দেওয়া বিবরণের বিরোধিতা করলেন পাকিস্তানি বংশোদ্ভূত জিম্বাবুয়ের এই ক্রিকেটার। ‘শাহিন (আফ্রিদি) কাউকে জোর করেনি। আমার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা এসেছিল এবং আমার অনুরোধে তাদের আমার কক্ষে নিয়ে আসতে সাহায্য করেছিল শাহিন। যদি এটাই এসওপি (আমাদের কক্ষে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ) হয়ে থাকে, তাহলে সে বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কিছুটা হলে শাহিনও অবগত ছিল না। এখানে আমি দায়ী, শাহিন নয়। আমার অনুরোধে সে নিচে গিয়েছিল, কারণ তারা আমার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব ছিল; আমি বিজনেস সেন্টারে তাদের সঙ্গে দেখা করতে চাইনি। আমরা ওপরে ৪০ মিনিট বসে ছিলাম।’
রাজা বলেন, ‘আমরা (অতিথি ও তিনি) ১৯ বছরের বন্ধু। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে দেখা করতে আসবে। দয়া করে ভুলে যাবেন না যে, আমার পরিবার ও আত্মীয়স্বজন এখানে থাকে এবং আমি গোটা বছর তাদের দেখতে পাই না। শাহিন শুধু আমার অনুরোধেই গিয়েছিল। আমরা পিসিবির কয়েকজন সদস্যকে অনুরোধ করেছিলাম এবং এরপর যা ঘটেছে, আমরা তা দেখব। কিন্তু সিদ্ধান্তটা আমার ছিল, শাহিনের নয়। আমি জানি সে কাউকে জোর করে নিয়ে যায়নি, কারণ আমিও তার সঙ্গে লিফটে ছিলাম।’
এই বিষয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে গত রোববার দেওয়া এক বিবৃতিতে পিসিবির মিডিয়া প্রধান উমার ফারুক বলেন, ‘লাহোর কালান্দার্সের দুই খেলোয়াড়কে নিয়ে ঘটা একটি ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং এই বিষয়ে পিএসএল কর্তাদের সঙ্গে আমরা কথা বলছি।’
পুলিশের চিঠিতে পিএসএলকে অনুরোধ করা হয়, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এখন পর্যন্ত পিসিবি বা পিএসএল কোনো পক্ষই এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
