‘সমর্থকরা তো গোল করবে না’ বসনিয়ায় কঠিন আবহের প্রশ্নে ইতালি কোচ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আগের দুইবার বাছাইয়েই থেমে গেছে বিশ্বকাপ খেলার স্বপ্ন। এবারও মূল বাছাইপর্বে সফল না হওয়ায়, খেলতে হচ্ছে প্লে-অফ। সেখানে শেষ ম্যাচটা আবার খেলতে হচ্ছে প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনার মাঠে। গ্যালারি ভরা থাকবে স্বাগতিক দর্শকে; তবে এসব নিয়ে একেবারেই ভাবতে চান না ইতালি কোচ জেন্নারো গাত্তুসো। উয়েফা প্লে-অফের ফাইনালে মঙ্গলবার বসনিয়ার মুখোমুখি হবে ইতালি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। আসছে ম্যাচ ঘিরে গাত্তুসোর কাঁধে চাপ প্রবল। কারণ, ২০১৪ সালের পর এবার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে ইতালি। গত দুইবার বাছাইয়ে থেমে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পথচলা।

প্লে-অফের সেমি-ফাইনালে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারানো ইতালিকে ফাইনাল ঘিরে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। বসনিয়ায় বৃষ্টি ও তুষারপাতের কারণে সেখানে মাঠের অবস্থা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি জেগেছে, এজন্য যাত্রার আগে সোমবার ফ্লোরেন্সে অনুশীলন করেছে গাত্তুসোর দল। প্রতিপক্ষের মাঠের আসছে লড়াই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো অজুহাত দেখাতে চাননি গাত্তুসো। ‘মাঠের অবস্থা যদি খারাপ হয়, তাহলে দুই দলের জন্যই খারাপ হবে। ম্যাচটা তো হতেই হবে।’

‘আমরা কি মাঠ, গ্যালারি নিয়ে ভাবতে শুরু করব- না, এটা ঠিক নয়। এটা দুর্বলতা। আমি মাঠ দেখেছি এবং সবকিছু ভালো আছে। সত্যি বলতে, খারাপ হলেও, আমাদের কিছুই করার ছিল না।’