জরাজীর্ণ স্টেডিয়াম দেখে ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ দশা ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল বুধবার দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। স্টেডিয়ামের নাজুক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।’

ক্রীড়াঙ্গনের এই স্থবিরতা কাটাতে আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপি বড় পরিসরে কর্মসূচি শুরুর ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রাথমিক পর্যায়ে ফুটবল ও ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট নিয়ে এই কার্যক্রম শুরু হবে। যেখানে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেওয়ার সুযোগ পাবে।

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড়দের সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এর অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

জেলা স্টেডিয়াম পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।