বিগ ব্যাশে দারুণ স্বীকৃতি রিশাদের

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিগ ব্যাশ শেষ হয়েছে গত ২৫ জানুয়ারি। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্ট শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পর নতুন সুখবর পেলেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে অভিষেক মৌসুম রাঙিয়ে দারুণ এক স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই স্পিনার। হোবার্ট হারিকেন্সের বিগ ব্যাশ প্লেয়ার অব দা ইয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের লেগ স্পিনার। সেরার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন চার ক্রিকেটার। অধিনায়ক ন্যাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও ব্যাটসম্যান নিখিল চৌধুরিকে হারিয়ে সেরা হয়েছেন রিশাদ। ক্রিকেট তাসমানিয়া গতকাল বুধবার তাদের বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এ ঘোষণা দিয়েছে। রিশাদ এবারই প্রথম বিগ ব্যাশে খেলেছেন। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। টুর্নামেন্টের সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।

সমান ১৫ উইকেট নিয়ে রিশাদের পাশে আছেন পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ। পুরো টুর্নামেন্টে রিশাদের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ওভারপ্রতিও বেশি রান খরচ করেননি, টুর্নামেন্টে তার ইকনোমি মাত্র ৭.৮২। দলের সেরা খেলোয়াড় হতে রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ব্যাটসম্যান নিখিল চৌধুরী, দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান। ব্যাট হাতে টুর্নামেন্টে ৩০৭ রান করেছেন নিখিল। ১৪ উইকেট নেন অধিনায়ক এলিস আর জর্ডান ৭টি।