কোয়ার্টারে থমকে গেল জুমার স্বপ্ন যাত্রা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্র্যীড়া প্রতিবেদক

শেষ তীরটি ছোড়ার পরই পেছন ফিরে ভি চিহ্ন দেখালেন জুমা আক্তার। বুঝাই গেল এবার জিতে গেছেন। গতকাল বৃহস্পতিবার ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে প্রি-কোয়ার্টার ফাইনালে কাজখস্তানের সেইদান আইজাদাকে ট্রাইব্রেকারে হারিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন জুমা। কিন্তু কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানেরই আরেক তীরন্দাজ আইতিমোভা জানাতের কাছে হেরে পদক জয়ের স্বপ্নযাত্রা থেমে যায় জুমা আক্তারের। কিছুক্ষণ আগেও যে মেয়েটির মুখে ছিল মিষ্টি হাসি, ৩০ মিনিট পরেই সেখানে দেখা গেল রাজ্যের অন্ধকার। আট বছর আগেও হেসে খেলে বেড়ানো মেয়েটি আজ হুইলচেয়ারে বসা। ২০১৮ সালে লিচু গাছ থেকে পড়ে আজ সে পঙ্গু। উঠে দাঁড়াতে পারেন না। হুইল চেয়ারে বসে থাকতে হয়। তবে হেরে যাননি জীবন যুদ্ধে। ক্রীড়াঙ্গণের মাধ্যমে ফের স্বপ্ন দেখতে শুরু করেছেন জুমা। হুইলচেয়ার বাস্কেটবল এবং প্যারা আরচারিকেই জীবন সাজানোর পথ করে নিয়েছেন তিনি। প্রথমে হুইলচেয়ারে বসে বাস্কেটবল খেলা শুরু করেন। তবে ২০২৪ সালে প্যারা আচারির সঙ্গে যুক্ত হন। ওই বছরেই দুবাইয়ে প্যারা এশিয়া কাপ আরচারিতে ব্রোঞ্জপদক জিতে প্যারিস অলিম্পিকে খেলার কোটা পান। ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজের প্রি-কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের আইজাদার সঙ্গে চোখে চোখ রেখে লড়তে থাকেন। কিন্তু দু’জনেরই ১৪০ স্কোর হওয়ায় এবার টাইব্রেকারের আশ্রয় নিতে হয় বিচারকদের। সেই ট্রাইবেকারে কাজাখস্তানের আইজাদা ৯ মারেন। কিন্তু জুমা ১০ এ ১০ মেরে কোয়র্টার ফাইনলে উঠে যান। কোচ নূর এ আলম বিষয়টি নিশ্চিত করলে পেছনে দাঁড়িয়ে থাকা এই প্রতিবেদকের দিকে তাকিয়ে ভি চিহ্ন দেখান। মুখে ছিল স্বপ্ন বাস্তবায়নের ঝিলিক। কিন্তু দুর্ভাগ্য তার। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের অন্য তীরন্দাজ আইতিমোভা জানাতের কাছে হেরে যান জুমা।