চীনকে মোকাবিলায় প্রস্তুত অর্পিতারা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশের সূচনাটা দারুণ হতে পারত। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে শুরুটাও চমৎকার করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষটা রাঙাতে পারেননি তারা। ৬৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছেন পিটার বাটলারের শিষ্যরা। এবার মেয়েদের সামনে চীনের প্রাচীর। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে ঘুরেফিরে আলোচনায় আসছে থাইল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো। তাই গতকাল শুক্রবার সকালে ব্যাংককের আল পাইন ফুটবল ট্রেনিং ক্যাম্প মাঠে ব্রিটিশ কোচ পিটার বাটলাদের নির্দেশায় বেশ মনযোগি ছিলেন অর্পিতা বিশ্বাস-আফঈদা খন্দকাররা। কারণ আজ শক্ত প্রতিপক্ষ চীনের বিপক্ষে লড়তে হবে তাদের। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় নানথাবুড়ি স্টেডিয়মে শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্পিতাণ্ডসাগরিকাদের জন্য।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। ম্যাচে সাগরিকার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়েছে। তবে ওই ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জোরেশোরে। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে এই টুর্নামেন্টে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে অপির্তা বিশ্বাসের বাহুতে। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানিয়েছেন, অনুশীলনে পজিশনিং, ডিফেন্সিভ শেপ ও ফিনিশিং নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুশীলন শেষে তিনি বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোচ আমাদের পজিশন, শেপ যেগুলো ভুল ছিল তা নিয়ে কাজ করেছেন। ফিনিশিংয়েও সমস্যা ছিল। সেগুলো নিয়েও কাজ করেছেন তিনি। চীন শক্তিশালী দল হলেও আমরা তাদের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।’

গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, ডিফেন্সের ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়া এবং সেটপিস পরিস্থিতিতে আরও মনোযোগী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তার কথা, ‘সহজ ভুলে যেন আর গোল হজম করতে না হয়, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শেষবারের অনুশীলনে।’ শক্তিশালী প্রতিপক্ষ চীনকে নিয়ে এই গোলকিপার কোচের কথা, ‘চীন বিশ্ব ফুটবলে অনেক ভালো অবস্থানে রয়েছে। এই দলটির বিপক্ষেই আমরা খেলব। তাই আমাদের ডিফেন্ডিং শেপ, আমাদের সেট পিসগুলো নিয়ে কাজ করতে হয়েছে। সেটপিসে বা ডিফেন্সের ছোট কোনো ভুল যেন আর গোল হজম করতে না হয়, তার উপর জোর দিয়েছি বেশি।’

থাইল্যান্ডের অসহ্য গরম নিয়েও কথা বলেছেন মাসুদ আহমেদ, ‘আমরা বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ডে অবস্থান রয়েছি। প্রথম প্রথম আমাদের খুবই কষ্ট হয়েছে গরমে, এখন মোটামুটি আমরা মানিয়ে নিয়েছি।

আসলে এটা কোনো অজুহাত হতে পারে না। কারন গরম আমাদের ও চীন- দুই জন্যই সমান। মেয়েরা এটা নিয়ে আসলে চিন্তা করছে না। তারা নিজেদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আমি আশাবাদী ভালো কিছুই হবে ইনশাআল্লাহ আগামীকাল (আজ)।’ দলে বড় ধরনের কোনো ইনজুরি নেই বলেও জানা গেছে।