দুই দশক পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাই
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারের গোলে শ্রীলঙ্কা ফের নিল ম্যাচের নিয়ন্ত্রণ। এরপর ব্যবধান কমালেও হার এড়াতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল দল। গতকাল শুক্রবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল দল। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’র টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা।
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসা শ্রীলঙ্কা ষষ্ঠ মিনিটেই পায় বাংলাদেশের জালের দেখা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে আশরাফুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে কুশল ভেরাপল্লির হিট ঠিকানা খুঁজে পেলে ফের এগিয়ে যায় শ্রীলঙ্কা।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ পারেনি ব্যবধান ঘোচাতে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে আমিরুল ইসলামের লক্ষ্যভেদে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ, কিন্তু বাকি সময়ে সমতাসূচক গোল তুলে নিতে পারেনি দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পুল পর্ব শুরু করা উজবেকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।
২০০৬ কলম্বো এসএ গেমসের পর ২০ বছরে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলো বাংলাদেশ। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘২০০৬ সালে শ্রীলঙ্কায় এক ম্যাচ হারের পর আমরা কখনও হারিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আমার এক ম্যাচে ৫ গোল রয়েছে। টুর্নামেন্টে এমন এক ম্যাচে হতেই পারে। আগামীর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ এশিয়ান গেমস নিশ্চিত ও চ্যাম্পিয়ন হয়ে ফিরবে প্রত্যাশা করি।’
চয়নের মতো একই তথ্য দিলেন জাতীয় দলের আরেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। তারা দুই জনই গত দুই দশকে বাংলাদেশ হকির সবচেয়ে বড় দুই তারকা। উভয়েই দাপটের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন। তাদের সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারত না। ৬-৮ গোলে হারের ঘটনা অসংখ্য। এশিয়ান গেমসে বাছাই টুর্নামেন্টে দলের প্রধান কোচ সাবেক জাতীয় খেলোয়াড় আতিকুজ্জামান। তিনি এই হার নিয়ে ব্যাংকক থেকে বলেন, ‘ডিপ ডিফেন্স আমাদের ঠিকমতো হয়নি। প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিংয়ে সমস্যা ছিল। টানা দু’দিন দুই ম্যাচ গরমের মধ্যে খেলতে হয়েছে। আজকের হারের দায় কোচ হিসেবে আমি নিচ্ছি।’
এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আজকের ম্যাচে হারের পর এশিয়ান গেমসে খেলাটা খানিকটা শঙ্কার মধ্যে। বাংলাদেশের গ্রুপে এরইমধ্যে শ্রীলঙ্কার ৬ পয়েন্ট। চাইনিজ তাইপে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তাদেরও ৬ পয়েন্ট হবে।
