এবার সরে দাঁড়ালেন ইতালির কোচ
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
খেলার মাঠে দলের ব্যর্থতার কারণে একজন প্রধান কোচের ভাগ্যে যা ঘটে, সেটাই ঘটল। বিশ্বকাপে উঠতে সর্বশেষ ব্যর্থতার পর নতুন শুরুর স্বপ্ন দেখতে থাকা ইতালির প্রধান কোচ পারস্পরিক সম্মতিতে ও ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে’ দায়িত্ব ছাড়লেন। বসনিয়া-হার্জেগোভিনার কাছে উয়েফা প্লে অফ ফাইনালে হারের দুই দিন পর জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার জেনিকায় পেনাল্টি শুটআউটে হার মানে ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় তারা। পরের দিন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাবিয়েল গ্রাভিনা ও ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন সরে দাঁড়ান। গতকাল শুক্রবার প্রত্যাশিতভাবে সরে দাঁড়ালেন গাত্তুসো।
বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের পর লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হন এসি মিলান ও রেঞ্জার্সের সাবেক মিডফিল্ডার গাত্তুসো। বাছাইপর্বের গ্রুপে নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়ার কারণে প্লে অফে খেলতে হয়েছে আজ্জুরিদের। সেখানেই বসনিয়ার কাছে পরাজিত হয়ে আরেকবার করুণ পরিণতির শিকার তারা। ভ্যালেন্সিয়া, মার্সেই ও হাদুক স্প্লিটের সাবেক কোচ ইতালির ফেডারেশনের ওয়েবসাইটে বলেছেন, ‘আমাদের নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি জাতীয় দলের কোচ হিসেবে আমার অভিজ্ঞতার ইতি টানলাম।’
তিনি আরও বলেন, ‘ফুটবলে নীল জার্সিটি বিশেষ এবং এ কারণেই ভবিষ্যতের জন্য আমি এটিকে নতুন টেকনিক্যাল টিমের হাতে তুলে দিতে চাই। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ছিল সম্মানের এবং আমি এমন ছেলেদের সঙ্গে কাজ করেছি যারা এই জার্সিতে সবসময় লড়াই করেছে এবং নিজেদের উজার করে দিয়েছে। সবচেয়ে বড় ধন্যবাদ ভক্তদের এবং সব ইতালিয়ানদের যারা কখনও আমাদের সমর্থন করা বন্ধ করেনি এবং এমনকি শেষ কয়েকটি মাসেও।’ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালিই প্রথম কোনো শিরোপা জয়ী দল, যারা টানা তিনটি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।
