সান মারিনোর বিপক্ষে জুনে প্রীতি ম্যাচ হামজা-জামালদের
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

জুনের ফিফা উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রথম ইউরোপের কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে খেলবে দল। ম্যাচটি হবে সান মারিনোতে। এ সংক্রান্ত বিস্তারিত ‘পরে’ জানানোর কথাও বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১তম স্থানে আছে। তবে ইউরোপের দল হলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে সান মারিনো, ২১১তম। ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ এবং দুটি দেশের ‘গুরুত্বপূর্ণ’ মাইলফলক বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে।
‘এটি হবে কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপে খেলা দলটির প্রথম ম্যাচ। একইভাবে, এই ম্যাচটি স্যান ম্যারিনোর জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশীয় জাতীয় দলের মুখোমুখি হবে।’ ‘ক্রীড়াক্ষেত্রের তাৎপর্যের বাইরেও, এই ম্যাচটি দুই ফুটবল ফেডারেশনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং সদ্ভাব বৃদ্ধির প্রতি একটি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।’
সান মারিনো ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, সে বিষয়টি অবশ্য নিশ্চিত নয় এখনও। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি শেষ হবে চলতি এপ্রিলে। স্প্যানিশ এই কোচের অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় দল। ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইয়ে সান মারিনোও ছিল বিবর্ণ। আট ম্যাচের সবগুলো হেরে গ্রুপের তলানিতে থেকে ছিটকে গিয়েছিল তারা।
