ফাহিম-দোরিয়েলতনের নৈপুণ্যে আশা বাঁচল কিংসের
ফেডারেশন কাপ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ফয়সাল আহমেদ ফাহিম গোল করলেন, করালেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো আলো ছড়ালেন বরাবরের মতোই। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার যে শঙ্কার মেঘ উঁকি দিয়েছিল প্রবলভাবে, তা সরিয়ে গ্রুপ পর্ব পেরুনোর আশা বাঁচিয়ে রাখল বসুন্ধরা কিংস। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে আরামবাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কিংস। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
এ মুহূর্তে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে পুলিশ এফসি। ৫ করে পয়েন্ট তিন দলের। গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে কিংস, তৃতীয় স্থানে ফর্টিস ও চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান। তিন ম্যাচের সবগুলো হেরে তলানিতে আরামবাগ। টেবিলের সেরা দুই দল পেরুবে গ্রুপ পর্ব। শুরু থেকে ম্যাচ হয়ে ওঠে একপেশে। ষোড়শ মিনিটে ফাহিমের আড়াআড়ি ক্রসে লাফিয়ে দোরিয়েলতনের কোনাকুণি হেড চোখের পলকে জালে জড়ালে এগিয়ে যায় আক্রমণাত্মক খেলা কিংস। ২২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের ক্রসে দূরের পোস্টে থাকা ফাহিম নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিযোগিতার শিরোপাধারীদের চলতি আসরে প্রথম জয়ের সম্ভাবনা জোরাল হয়। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে তিন গোল করে বড় জয় অনেকটাই নিশ্চিত করে নেয় কিংস। ৫২তম মিনিটে সাদ উদ্দিনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে এক ছুটে বক্সে ঢুকে যান ইমানুয়েল সানডে। এরপর আগুয়ান গোলকিপার আজাদ হোসেনের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
