এবার নতুন ভূমিকায় মিনহাজুল ও আতহার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আতহার আলী খান ও মিনহাজুল আবেদীন নান্নু জাতীয় দলের সাবেক ক্রিকেটার। অবসরের পর একজন চাকরি নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। আরেকজন হন ধারাভাষ্যকার। মিল আছে আরেকটি জায়গায়ও, একসময় তারা ছিলেন জাতীয় দলের নির্বাচক। সেই আতহার ও মিনহাজুল এবার অন্য ভূমিকায়। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন তারাও। টেস্ট মর্যাদা পাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মিনহাজুল আবেদীন। অবসরের পর ২০০৫ সালে বিসিবিতে যোগ দেন কোচ হিসেবে। একসময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। কোচ হিসেবে কাজ করেছেন ঘরোয়া ক্রিকেটেও। পরে কোচিং জীবন ছেড়ে মিনহাজুল হয়ে যান বিসিবির জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য। নির্বাচক ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন এক দশকের বেশি সময়। ২০২৪ সালে তাঁকে সরিয়ে আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে প্রধান নির্বাচক করে বিসিবি। তবে বিসিবিতে মিনহাজুল থেকে যান অন্য ভূমিকায়। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয় গত ফেব্রুয়ারিতে। প্রায় দুই দশক যে বোর্ডের সঙ্গে জড়িয়ে, এখন সেটিই পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের একজন মিনহাজুল। তার আশা আগের ভূমিকাগুলোর অভিজ্ঞতা কাজে লাগবে এখানেও, ‘২০০৫ সাল থেকে আমি বোর্ডে বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। সবকিছু ভেতর থেকে দেখেছি। আশা করি, এই অভিজ্ঞতা কাজে লাগবে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সুষ্ঠভাবে নির্বাচন আয়োজন করা। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে ৩ মাসের জন্য। এই সময়ের মধ্যেই পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে হবে তাদের।
