তামিমকে ভারতীয় বোর্ড সহ-সভাপতির অভিনন্দন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এই অ্যাডহক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। দেশের ক্রিকেটের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তামিমকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’ এর আগে বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি বিলুপ্ত ঘোষণা করার ব্যাখ্যায় এনএসসি জানিয়েছে, নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত মিলেছে। নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন মাসের জন্য, বিসিবির নতুন নির্বাচনের দায়িত্ব উঠেছে তাদের কাঁধে।

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজনৈতিক টানাপোড়েন আগে থেকেই ছিল। সেটি ক্রিকেটেও গড়ায় সর্বশেষ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। যাকে কেন্দ্র করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। সরকারের সেই সিদ্ধান্তে বিসিবিও শেষ পর্যন্ত অনড় ছিল। পাশাপাশি নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানালেও তাতে রাজি হয়নি আইসিসি।