ডট বলের অনন্য মাইলফলকে মোস্তাফিজ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
সপ্তম ওভারে বল হাতে নেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই তাকে ডেভন কনওয়ে চার মারেন। পরের দুটি বলে সিঙ্গেল। চতুর্থ বলে ডট দেন বাংলাদেশি পেসার। তাতে এক অনন্য ইতিহাস গড়েন বাঁহাতি কাটার মাস্টার। লাহোর কালান্দার্স মাত্র ১০০ রানে অলআউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটে ১১তম ওভারেই জয় নিশ্চিত করে। দল হারলেও মোস্তাফিজ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বলের তালিকায় পাঁচে উঠে গেলেন। ছুঁলেন ৩ হাজার ডট বলের মাইলফলক।
গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাত ডট বল দিয়েছিলেন মোস্তাফিজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বলে রান না দেওয়ার কীর্তি গড়েন তিনি। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদিকে ছাপিয়ে যান ১১৪২টি ডট বল দিয়ে। আগেই এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ডট বলের শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন। এবার মোস্তাফিজ সব টি-টোয়েন্টি মিলিয়ে ডট বলের তালিকায় পঞ্চম স্থানে। গত বৃহস্পতিবার দুই ওভার বল করে তিনটি ডট বল দেন তিনি। এখন তার বর্তমান ডট বল সংখ্যা ৩০০২। তার চেয়ে এগিয়ে চার বোলার। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ৩৬৮১ ডট বল নিয়ে সবার উপরে। পাকিস্তানেরন পেসার মোহাম্মদ আমির ৩৩৪৮ ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৩২১৩ ডট বল দিয়ে তিনে, আর ৩০৪৬ ডট বল দিয়ে পাকিস্তানের সোহেল তানভির চারে।
