মেসি-সুয়ারেজদের কোচের দায়িত্ব ছাড়লেন মাচেরানো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
মাত্র চার মাস আগে তার হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এবারও তেমন লক্ষ্য নিয়েই হাভিয়ের মাচেরানোর অধীন মৌসুম শুরু করেছিল ফ্লোরিডার ক্লাবটি। কিন্তু লিগে মাত্র সাত ম্যাচ যেতেই ইন্টার মায়ামিকে বিদায় বলে দিলেন আর্জেন্টাইন এই কোচ। গত মঙ্গলবার এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণেই’ মাচেরানো দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, গত শনিবার নিউইয়র্ক বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচের পরই মাচেরানো ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান। মাচেরানোর পরিবর্তে আপাতত প্রথম দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিলের্মো হয়োস, যিনি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।
কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দেওয়া বিবৃতিতে মাচেরানো বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য সবার আগে আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। সংগঠনের প্রতিটি কর্মীকেও ধন্যবাদ সম্মিলিত প্রচেষ্টার জন্য। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ খেলোয়াড়দের প্রতি- তাদের কারণেই আমরা অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি।’
মাচেরানো একসময় লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনা ও বার্সেলোনায় খেলেছেন। খেলা ছাড়ার পর ক্যারিয়ার শুরু করেন কোচ হিসেবে। ২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনোর স্থলাভিষিক্ত হয়ে আসেন ইন্টার মায়ামিতে। প্রায় দেড় বছর মেসি–সুয়ারেজদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের সাবেক এই কোচ মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল ও লিগস কাপের ফাইনালে তুলেছিলেন।
