অসুস্থতা নিয়ে প্রায় পুরো ম্যাচ খেললেন রোনালদো

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে মাঠ থেকে তুলে নেওয়া হলো ক্রিস্তিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা সরাসরি ঢুকে গেলেন টানেলে, যা হয়তো অবাক করে দেয় অনেককে। তবে ম্যাচের পর জানা গেল আসল কারণ। আল নাস্র কোচ জর্জে জেসুস জানালেন, পেটে ব্যথা নিয়ে এই ম্যাচ খেলেছেন রোনালদো। তিনি এতটাই অসুস্থ বোধ করছিলেন যে, বদলি হিসেবে মাঠ ছাড়ার পর ড্রেসিং রুমে গিয়ে বমি করে ফেলেন।

সৌদি প্রো লিগে বুধবার আল ইত্তিফাকের বিপক্ষে আল নাস্রের ১-০ গোলে জয়ের পর জেসুস বলেন, প্রথমে এই ম্যাচে রোনালদোকে খেলাতে চাননি তিনি। ‘তাকে দলে না রাখার কথা ভেবেছিলাম আমি; সে ভালো অবস্থায় ছিল না। পেটে ব্যথা ও ক্লান্তিতে ভুগছিল সে। যখন তাকে বদলি করি, সে সোজা ড্রেসিং রুমে গিয়ে বমি করে।’ ৪১ বছর বয়সী রোনালদো এই ম্যাচে গোল করতে না পারলেও আল নাস্?রের জয়ে অবদান রাখেন। ম্যাচের ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বল কাছ থেকে জালে পাঠিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। ম্যাচে রোনালদোর একটি শট পোস্টে লাগে। তার আরেকটি প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করা হয়। সৌদি প্রো লিগে ক্লাব রেকর্ড টানা ১৫তম জয়ের পর, দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে আল নাস্র। ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট আল হিলালের।