অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-২০ চট্টগ্রামে

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের পূর্ব ঘোষিত সীমিত ওভারের সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। পাশাপাশি চূড়ান্ত করা হয়েছে সিরিজের ভেন্যু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে মিরপুরে, টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ চট্টগ্রামে।

এই সফর দিয়ে ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া।

এই বছরের শুরুতে ঘরের মাঠের সব সিরিজের যে সূচি ঘোষণা করেছিল বিসিবি, সেটি অনুযায়ী আগামী ২ জুন বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে সেখানে পরিবর্তন আসছে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের কারণে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩০ মে পাকিস্তানে যাবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশে ওয়ানডে সিরিজ শুরুর কথা ছিল ৫ জুন। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি শুরু হবে ৯ জুন। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

দ্বিপাক্ষিক সিরিজে আগে দুই দফায় খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০১১ সালে দুটি সিরিজে ছয় ম্যাচের সবকটিতে জিতেছে তারা। বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ একবারই খেলেছিল অস্ট্রেলিয়া। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে অবশ্য জিতেছিল অস্ট্রেলিয়া। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে ব্রিজবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে একটি ক্যাম্প হবে তাদের। আইপিএলে ও কাউন্টি ক্রিকেটে থাকা ক্রিকেটাররা অবশ্য থাকবেন না সেই ক্যাম্পে।