একাদশ নির্বাচনে গুরুত্ব পাবে নির্বাচকদের মতামত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

হাবিবুল বাশার সুমন একটু অবাক হয়েই জিজ্ঞেস করলেন, ‘ব্যাপারটি তো নরম্যাল হওয়া উচিত, তাই না? এটা নিয়ে এত কথা কেন!’ প্রধান নির্বাচকের তুলে ধরা এই ব্যাপারটি হলো ‘একাদশ বাছাইয়ে নির্বাচকদের মতামত।’ এটা নিয়ে এত কথা, কারণ স্বাভাবিক হওয়া উচিত হলেও এতদিন ঠিক ততটা স্বাভাবিক ছিল না। তবে এখন তা হচ্ছে। প্রধান নির্বাচক নিজেই জানালেন, একাদশ গঠনেও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এখন থেকে। হাবিবুল বাশারের নেতৃত্বে বিসিবির চার সদস্যের নির্বাচক কমিটির মেয়াদ শুরু হয়েছে এই মাস থেকেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল গড়া দিয়ে শুরু হয়েছে তাদের যাত্রা। সেই দল ঘোষণার সংবাদ সম্মেলনেই হাবিবুল বলেছিলেন, একাদশ গঠনেও নির্বাচকদের মতামত রাখার অধিকার থাকলে দল গঠন প্রক্রিয়া মসৃণ হয় এবং জবাবদিহিতার জায়গাও থাকে।
তার সেই চাওয়া পূরণ হতে সময় লাগেনি। হাবিবুল বললেন, ‘কেউ তো আপত্তি করেনি। টিম ম্যানেজমেন্টের সমস্যা নেই, তামিমও (বিসিবি সভাপতি) বলে দিয়েছে। একাদশেও আমাদের মতামত থাকবে। সেটা খুব জোরাল হবে বা আমাদেরটাই মানতে হবে, এমন নয়। কোচণ্ডঅধিনায়কই মূল দায়িত্বে থাকবেন। তবে আমাদের কথা বলার জায়গা থাকবে এবং গুরুত্ব দিয়ে শোনা হবে।’ বিশ্বের বেশির ভাগ দেশেই স্কোয়াড নির্বাচনের পাশাপাশি একাদশ বাছাইয়েও নির্বাচকদের ভূমিকা থাকে। কিছু কিছু দেশে তো নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের অংশও থাকেন। বাংলাদেশে নানা সময়ে বিভিন্নরকম দেখা গেছে। তা নিয়ে অনেক সময় টানাপোড়েনের কথাও শোনা গেছে। কখনও কখনও তা প্রকাশ্যও হয়েছে। একাদশ বাছাইয়ে ভুমিকা রাখার সুযোগ থাকলে নির্বাচকদের দিকে আঙুল তোলার জায়গাও বাড়ছে। তবে সেই চ্যালেঞ্জটি সানন্দেই নিতে চান হাবিবুল। ‘এখানে আমাদের মতামত না রাখা হলে আমরা খুব সহজেই এড়িয়ে যেতে পারি, কোচণ্ডঅধিনায়কের ওপর চাপিয়ে বলে দিতে পারি যে এটা তাদের ব্যাপার। তবে সেটা তো আদর্শ কিছু নয়। আমরা চাই, আমাদেরকে প্রশ্ন করা হোক, জবাবদিহিতা থাকুক। নির্বাচকদের দায়িত্বের অংশই হওয়া উচিত এসব।’
