আইসিসির কাঠগড়ায় কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় মূলত কানাডা। ক্রিকেট কানাডাকে ঘিরে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ), যার মধ্যে একটি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার এক ম্যাচকে কেন্দ্র করে। দেশটির ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট কানাডার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে, এসিইউ দুটি সক্রিয় তদন্ত পরিচালনা করছে, যেগুলোর আওতায় ক্রিকেট কানাডার বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আইসিসির দুর্নীতি দমন বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে। কানাডিয়ান অনুসন্ধানী তথ্যচিত্র অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’ প্রযোজিত ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ নামক একটি তথ্যচিত্রের মাধ্যমে এই অভিযোগগুলো প্রকাশ্য হয়। শুক্রবার সরকারি সম্প্রচারকারী সিবিসিতে (কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) প্রচারিত ৪৩ মিনিটের এই চলচ্চিত্রটিতে কানাডা ক্রিকেটে দুর্নীতি ও সুশাসনের বিষয়ে ব্যাপক অভিযোগ আনা হয়েছে।
তথ্যচিত্রটি অনুসারে, বিশ্বকাপে দুর্নীতির অভিযোগটি ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে কানাডার ম্যাচে। নিউ জিল্যান্ডের রান তাড়ায় পঞ্চম ওভারটি এসেছে তদন্তের আওতায়, যখন অধিনায়ক দিলপ্রিত বাজওয়া বল করতে আসেন। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগে ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে অধিনায়ক করা হয়। বাজওয়া মূলত ব্যাটিং অলরাউন্ডার, বোলিং করে থাকেন তিনি অফ স্পিন। সেদিন তিনি যখন বল হাতে নেন, নিউ জিল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৩৫। কানাডার প্রথম দুই ওভারে দুই পেসার জাসকারান সিং এবং ডিলন হেইলিগার রান দেন ১৪ ও ১৫। তৃতীয় ওভারে মেডেন উইকেট নেন স্পিনার সাদ বিন জাফর। লেগ বাই থেকে আসে একটি রান। চতুর্থ ওভারে হেইলিগার ৫ রান দিয়ে উইকেট নেন ১টি।
এরপরই বাজওয়ার সেই ওভার। ওভারের প্রথম বলটি ‘নো’ করেন তিনি, পরে একটি ওয়াইড দেন। দুটি বাউন্ডারিসহ ওভারে ১৫ রান দেন তিনি। অন্য তদন্তটি কানাডার সাবেক কোচ খুররাম চোহানের একটি টেলিফোন কথোপকথনের রেকর্ডিং থেকে উদ্ভূত হয়েছে, যেখানে তিনি দাবি করেন যে, ক্রিকেট কানাডার সিনিয়র (বর্তমানে প্রাক্তন) বোর্ড সদস্যরা জাতীয় দলে নির্দিষ্ট কিছু ক্রিকেটার নির্বাচন করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করেছে। অডিওটি গত বছর ফাঁস হয় এবং তখন থেকেই এটি এসিইউ-এর তদন্তাধীন রয়েছে। রেকর্ডিংটিতে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগও রয়েছে, যদিও সেগুলোর স্বপক্ষে কার্যকর প্রমাণ উপস্থাপনে চ্যালেঞ্জ রয়েছে।
আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া বিবৃতিতে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। ‘সিবিসি প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে এসিইউ অবগত আছে। প্রতিষ্ঠিত কার্যপ্রণালী অনুসারে, এতে থাকা কোনো অভিযোগের মূল বিষয়বস্তু নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে এসিইউ নেই। আইসিসি সদস্য দেশগুলোর প্রশাসনিক বিষয়গুলো, যেখানে সেগুলো আইসিসির এখতিয়ারভুক্ত, সেখানে আইসিসি তার সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে বিবেচনা করে থাকে।’
