আবাহনীর তারকাবহুল দল গঠন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শঙ্কা আর অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী মে’র প্রথম সপ্তাহে শুরু হবে এই আসর। গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে এই সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি। আজ এবং আগামীকাল হবে দলবদল। যদিও আগে ভাগেই স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। সবার আগে ঘর গুছিয়ে ফেলেছে আবাহনী। তবে মোস্তাফিজকে দলে ভেড়াতে পারেনি তারা। মোহামেডান থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর প্রাণপণ চেষ্টার কথা বলেছিলেন আবাহনী হেড কোচ হান্নান সরকার। কিন্তু শেষ খবর, মোস্তাফিজকে পেতে আগ্রহ কমে গেছে আবাহনীর।

হান্নান জানান, ‘না, মোস্তাফিজকে নিচ্ছি না। ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে। মোস্তাফিজের পক্ষে আবাহনীর হয়ে খেলা সম্ভব না। তাই তাকে আমরা নিচ্ছি না।’ এদিকে মোস্তাফিজকে ছাড়াই দল সাজিয়ে ফেলেছে আকাশী-হলুদরা। দলে থেকে গেছেন আগের বারের বেশ কয়েকজন পারফরমার, যারা সবাই ব্যাট ও বলে ভালো পারফরম করেছিলেন। সেই তালিকায় টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত, জিসান আলম ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো অতি কার্যকর পারফরমার আছেন। সঙ্গে মেহরব হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বিও আছেন। তাদের দলে রাখা নিশ্চিত করেছেন আবাহনী কর্তারা। সঙ্গে দুই তরুণ শামসুল আলম অনিক ও নাইমুর নয়নও থেকে যাচ্ছেন।

এদের ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন পরিণত ও প্রতিষ্ঠিত ব্যাটারকে দলে টেনেছে আবাহনী। সেই তালিকায় সবার আগে যার নাম আছে, তিনি সৌম্য সরকার। এবার আকাশী-হলুদ শিবিরে খেলবেন এই বাঁহাতি। সঙ্গে মোহামেডান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকও এবার দল পাল্টে আবাহনীতে। সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন ও জাকের আলী অনিকের মতো ব্যাটারদের দলে ভিড়িয়ে মিডল অর্ডারটা অনেক সমৃদ্ধ করেছে আবাহনী। সব মিলিয়ে ঢাকা লিগে হাত পাকিয়ে ফেলা নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিকের সঙ্গে এক ঝাঁক উদীয়মান তরুণ ক্রিকেটার দিয়ে দল সাজাচ্ছে আবাহনী। এছাড়া পেসার খালেদ আহমেদের ঠিকানাও এবার আবাহনী।