স্প্যানিশ ক্লাবের মালিক হলেন মেসি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার ক্লাব মালিকানার দুনিয়ায় আরও বড় পদক্ষেপ নিলেন লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব করনেল্লা কিনে নিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কাতালোনিয়া ভিত্তিক এই ক্লাবটি তরুণ ফুটবলার গড়ে তোলার জন্য সুপরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্দ মার্তিন এবং আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার মতো তারকারা। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমন তাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই উদ্যোগের লক্ষ্য ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে ত্বরান্বিত করা, ক্লাবের ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং তরুণ প্রতিভা বিকাশে বিনিয়োগ বাড়ানো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রকল্প এগিয়ে যাবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, স্থায়িত্ব এবং স্থানীয় শিকড়ের সঙ্গে সংযোগকে গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আলবা করনেল্লার একাডেমিতে ২ বছর কাটানোর পর ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন। একইভাবে ইলি সানচেসও এই একাডেমি থেকেই উঠে এসে বার্সেলোনার ‘বি’ দলে খেলার সুযোগ পান। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে খেলেছেন।
