তামিম ইকবালকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মাঠে গড়াচ্ছে ডিপিএল

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ মৌসুমে মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি বাতিলের পর সে অচলাবস্থা কেটেছে। মে মাসে শুরু হতে যাচ্ছে এ ঘরোয়া টুর্নামেন্ট। তার আগে গতকাল শনিবার শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। একই সঙ্গে চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’ গেল কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটিও তুলে ধরেন মাহমুদউল্লাহ। এ ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ।