ফিরছেন বিজয়, নতুন বোর্ড নিয়ে আশাবাদী

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। মূলত ফিক্সিং সন্দেহে তালিকায় নাম থাকায় খেলা হয়নি তার। আসন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এবার বিজয়। দলবদলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন এনামুল হক বিজয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচকতা এবং নতুন দলে খেলার অনুভূতি নিয়ে কথা বলেছেন এই ওপেনার। নিজের প্রস্তুতি নিয়ে বিজয় বলেন, ‘একদম শতভাগ প্রস্তুত বলব না, এটা সত্যি। তবে আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করছি প্রিমিয়ার লিগ শুরুর আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে পারব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত নেতিবাচক মন্তব্য নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। বিজয়ের মতে, ‘চারপাশে তাকালে মনে হয় অনেক নেতিবাচকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে গেলেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা দেখা যায়। আমি চাই মানুষ ইতিবাচকভাবে কথা বলুক। সবার মধ্যে একটা ইতিবাচক শক্তি থাকুক, নেতিবাচক বিষয়গুলো আমরা পেছনে ফেলে এগিয়ে যাই।’ নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয়েছে। নতুন বোর্ডের সঙ্গে নিজের যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন এই ওপেনার। তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়গুলো সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করুক। ব্যক্তিগতভাবে সভাপতির সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এই ধারাটা চলমান থাকবে।’ ফিক্সিং ইস্যুতে তাকে নিয়ে নানা আলাপ-আলোচনা নিয়েও কথা বলেন বিজয়। তার ভাষায়, ‘আমি যেটা করিনি, সেটাও কখনো কখনও স্বীকার করা বা সামাজিক মাধ্যমে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন ঘটনাটা অন্যভাবে ঘটেছে। সংবাদমাধ্যমেও একেকজন একেকভাবে বিষয়টা বর্ণনা করেছে। বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে আমাকে উপস্থাপন করা হয়েছে।’ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন। ক্রিকেটার হিসেবে যেটা ছোটবেলা থেকেই স্বপ্ন অনেকের। অনুভূতি জানাতে গিয়ে বিজয় বলেন, ‘ছোটবেলার স্বপ্ন এভাবে ভাবিনি, তবে ছোট থেকে আমরা আবাহনী-মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা দেখেই বড় হয়েছি। সেই হিসেবে এটা অবশ্যই বড় দল। আমি দীর্ঘদিন আবাহনী লিমিটেডে খেলেছি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেও খেলেছি। এবার এমন একটি বড় দলে খেলার সুযোগ এসেছে। আর বিজয়ী দলে খেললে মানসিকতাও স্বাভাবিকভাবেই বিজয়ীদের মতো হয়ে ওঠে।’