সাত ‘বিদেশি’ নিয়েও হার ব্রাদার্সের

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফুটবল লিগের বাইলজ অনুযায়ী সাফ দেশের খেলোয়াড়েরা লোকাল হিসেবে খেলতে পারবেন। সেই কোটায় পিডব্লুডির বিপক্ষে পাকিস্তানের চারজনকে নিয়ে মাঠে নামে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া বিদেশি কোটায় গিনির দুজন এবং সেনেগালের একজনকে মাঠে নামান কোচ ওমর সিসে। সব মিলিয়ে গোপীবাগের ক্লাবটিতে ওই ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন দেশের বাইরের পাসপোর্টধারী সাতজন। কিন্তু এমন দল নিয়েও তারা হেরেছে পিডব্লুডির কাছে।

গতকাল শনিবার মুন্সীগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) তেরতম রাউন্ডে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে পিডব্লিউডি। দুই অর্ধে দুই গোল করেন পিডব্লুডির রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা তারেক। ব্রাদার্সের হয়ে এক গোল শোধ দেন শায়েক দোস্ত। লিগে দুই দলের প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল। এই জয়ে পিডব্লুডি বেরিয়ে এসেছে রেলিগেশন জোন থেকে। ১৩ ম্যাচে তিন জয়, চার ড্র এবং ৬ হারে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে উঠে এসেছে পিডব্লুডি। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে তালিকার সাতে ব্রাদার্স। ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে কিংস। সমান ২৫ পয়েন্ট তালিকার দুই ও তিনে যথাক্রমে আবাহনী লিমিটেড ও ফর্টিজ।

ম্যাচের ১৪ মিনিটে ডান দিকে দিয়ে উপরে উঠে ব্রাদার্স ডিফেন্ডার সিফাতকে কাটিয়ে বক্সে ঢুকেই ক্রস দেন রাতুল।

গোলমুখের সামনে টোকায় বল জালে জড়ান পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড মারাত দেভেসা। ২৫ মিনিটে বক্সের সামনে জামাল ভূঁইয়ার ফ্রি কিক একটুর জন্য জালের খোঁজ পায়নি। দুই মিনিট পর সিফাতকে তুলে ইনসানকে মাঠে নামান ওমর সিসে। ৩০ মিনিট পর টানা তিনটি কর্নার তুলে নেয় পিডব্লিউডি। যদিও সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি তারা। ৩৬ মিনিটে কেরফালা বক্সে ঢুকে জটলার মধ্যে পড়েন, তিন-চারজনকে কাটালেও শট নিতে পারেননি। সেখান থেকে বল তুলে দেন শায়েক দোস্তের পায়ে। পাকিস্তানি ফরোয়ার্ড শট নিলে অনায়াসেই গ্লাভসবন্দি করেন পিডব্লিউডি গোলকিপার। ৩৮ মিনিটে বাঁ-দিক থেকে আলমগীরের ক্রসে বলে মাথা ছোঁয়ান মনির। তবে হেডে গতি না থাকায় সহজেই বল ধরে ফেলেন পিডব্লিউডির গোলকিপার।

প্রথমার্ধের শেষ দিকে পিডব্লিউডির রক্ষণে চাপ বাড়ায় ব্রাদার্স। ৪৫ মিনিটে গোলে ভালো সুযোগ নেয় দলটি। বাঁ-দিক থেকে আসা শায়েকের ক্রসে আলমগীরের হেডে বল ফিরে আসে পোস্টে লেগে। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। চার মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাকা পোস্টেও হেডে গোল করতে পারেননি আলমগীর গাজী। পরের মিনিটে এই ফরোয়ার্ডের আরেকটি নিচু শট ছিল গোলকিপার বরাবর। ৬৩ মিনিটে রাতুলের কাছ থেকে বল কেড়ে নেন জামাল। এরপর ব্রাদার্স অধিনায়কের ক্রসে হেডে গোল করে শায়েক দোস্ত দলকে ১-১ সমতায় ফেরান। ৭১ মিনিটে ভালো জায়গায় ক্রস পেয়েও গোল করতে পারেননি পিডব্লিউডির মিডফিল্ডার স্বাধীন। এগিয়ে যেতে দুই দলই বেশ চেষ্টা চালায়। শেষ পর্যন্ত পেনাল্টি হজম করে পিছিয়ে পড়ে ব্রাদার্স। ৮৪ মিনিটে মানাত তারেক বটম কর্নার দিয়ে নিচু শটে পিডব্লিউডিকে পেনাল্টি থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময় চেষ্টা করেও দুই দল পায়নি গোলের দেখা।