‘আমি জাতীয় দলের যোগ্য নই’
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
মোহাম্মদ রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাটে রান নেই। তার দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। তাতে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকেও গেছে তারা। সর্বশেষ গত শনিবার রাতে কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হেরেছে দলটি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিজওয়ানের টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নও এসেছে। রিজওয়ান এবারের পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১। ওপেনার হিসেবে খেলা রিজওয়ান যে প্রত্যাশা মেটাতে পারেননি, সেটা তো পরিসংখ্যানেই স্পষ্ট। অথচ এই টুর্নামেন্ট ছিল রিজওয়ানের নিজেকে প্রমাণ করার।
কারণ, প্রায় দেড় বছর (সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর) ধরে তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই। সর্বশেষ বিগ ব্যাশেও হয়েছেন ব্যর্থ, ১০ ম্যাচে খেলে করেছিলেন ১৮৭ রান। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি রিজওয়ানের অবসরের প্রসঙ্গ এসেছে আরও একটি কারণে। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়ার কথা বলেছেন। গতকাল তাই রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টুয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত?’
এই প্রশ্নের জবাবে রিজওয়ান বলছেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না।’
রিজওয়ান সম্ভবত বিশ্বকাপ দলের কথাই বলেছেন। পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে গত ২৫ জানুয়ারি।
