সহজ ম্যাচে কঠিন জয় টাইগ্রেসদের
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটকে বলা হয়ে থাকে গৌরবময় অনিশ্চয়তার খেলা, কথাটা যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করল বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাটিং বিপর্যয়, এরপর দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ানো, আর জয় থেকে মাত্র কয়েক কদম দূরে থাকতে অবিশ্বাস্য এক ধস! পরতে পরতে ছড়ানো রোমাঞ্চ আর স্নায়ুচাপের এক দারুণ প্রদর্শনী শেষ হাসি হেসেছে বাঘিনীরা। গতকাল সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করেছে লঙ্কানরা। জবাবে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নিগার সুলতানা জ্যোতির দল। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার পেস বোলিং অলরাউন্ডার রিতু। বাঁহাতি স্পিনার নাহিদা ৩৮ রানে নেন ২ উইকেট। আট ওভারে দুই মেডেনে স্রেফ ২৪ রানে একটি উইকেট নেন পেসার মারুফা।
প্রথম দুই ওভারে ২ উইকেট হারানোর পর দলকে পথ দেখান শারমিন আক্তার সুপ্তা। তিন নম্বরে নেমে ১৩ চারে ১২৭ বলে ৮৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। সর্বশেষ পাঁচ ওয়ানডে ইনিংসে তার তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। নিয়মিত অধিনায়ক চামারি আতাপাত্তুকে এই ম্যাচে পায়নি শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেন ওপেনার হাসিনা পেরেরা।
টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কা করে ৪৪ রান। চতুর্দশ ওভারে প্রথম সাফল্য আসে রিতুর হাত ধরে। হাসিনাকে (৪১ বলে ২৭) এলবিডব্লিউ করে ৮৪ বলে ৬৮ রানের জুটি ভাঙেন তিনি। নিজের পরের ওভারে আরেকটি শিকার ধরেন রিতু, হার্শিথা সামারাউক্রামাকে ফিরতি ক্যাচে বিদায় করেন তিনি। জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ (৫২) জুটি শ্রীলঙ্কা পায় ইমেশা দুলানি ও হাসিমা কারুনারত্নের ব্যাটে।
