বার্সেলোনায় ফ্লিকের দুই লক্ষ্য
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
নিজের ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান তিনি। কাম্প নউয়ের চলমান সংস্কার কাজ শেষ হওয়ার পরও থাকতে চান স্প্যানিশ চ্যাম্পিয়নদের ডাগআউটে। বার্সেলোনার কঠিন সময়ে কোচ হয়ে আসেন ফ্লিক। তার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। টানা দু’বার লা লিগা শিরোপা ঘরে নেওয়ার কাছেই আছে ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে গত আসরে সেমি-ফাইনালে থেমেছিল তারা, এবার বিদায় নিয়েছে কোয়ার্টার-ফাইনাল থেকে।
লা লিগায় আজ বুধবার সেল্তা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। এর আগের দিন ফ্লিকের সংবাদ সম্মেলনে সেল্তা কিংবা লা লিগা নিয়ে প্রশ্ন হলো কমই। কোচের ভবিষ্যৎ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই কথা হলো বেশি। এদিন যেন মনের দুয়ার খুলে দিলেন ফ্লিক। ‘চ্যাম্পিয়ন্স লিগ একটি বড় স্বপ্ন। দুটি লক্ষ্য আছে, যা আমি অর্জন করতে চাই। এর একটা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমি মনে করি, আমরা সেটা পারব।’
‘দ্বিতীয় ব্যাপারটি হলো, যখন এই স্টেডিয়ামের সংস্কার শেষ হবে তখনও আমি এখানে কোচ থাকতে চাই। আমি জানি না, কখন সেটা হবে। তবে এটা সবসময়ই নির্ভর করে পারফরম্যান্স এবং আমরা কেমন খেলছি তার ওপর। আমি সবার জন্যই নিজের সেরাটা করার চেষ্টা করব।’ আগেও ফ্লিক বলেছেন, বার্সেলোনায় চুক্তি নবায়ন করতে চান এবং এখানেই ক্যারিয়ার শেষ করতে চান। তার পরিবার এখানে দারুণভাবে মানিয়ে গেছে। বার্সেলোনায় কাজের প্রক্রিয়া তার নিজেরও মনে ধরেছে। তারুণ্যনির্ভর দলটিকে নিয়ে এগিয়ে নিতে চান আরও বহুদূর। ‘আসছে বছরগুলোর জন্য আমাদের দারুণ একটি দল আছে। দলবদলে আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দলটি তরুণ এবং আমাদের (দারুণ কিছু করার) সম্ভাবনা আছে।’
‘এই মৌসুমকে ভালো বলা যায় কি না, সেটা আপনারা বলবেন। কেউই আশা করে না, এই মুহূর্তে আমরা চারটা শিরোপা জিতব। এটা শুধু শিরোপার ব্যাপার নয়, আমরা কেমন ফুটবল খেলছি সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের খেলায় ভক্তরা এবং ক্লাব খুশি। প্রেসিডেন্ট আমাকে একটি চিঠি দিয়েছেন এবং বলেছেন, শুধু জেতাই গুরুত্বপূর্ণ নয়, খেলার ধরনও গুরুত্বপূর্ণ।’
