আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

চলতি মৌসুমে সুবিধা করতে পারছে না চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেললেও মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে তারা। আর এই দুই জয়েই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যিনি, তিনিই ছিটকে গেলেন এবারের আইপিএল থেকে। এবারের আসরে চেন্নাইয়ের হয়ে আর খেলা হচ্ছে না আয়ুস মাত্রের। আইপিএলের ১৯তম আসরে বড় ধরনের ধাক্কাই খেল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী ওপেনার আয়ুশ মাত্রে। গতকাল মঙ্গলবার সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই তরুণ ক্রিকেটারের সুস্থ হতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে।
গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ-পায়ে চোট পান মাত্রে। মাঠে দুবার ফিজিওর শরণাপন্ন হলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে আউট হয়ে ফেরার সময় ফিজিও টমি সিমসেক এবং রামকৃষ্ণ ঘোষের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। গত সোমবার স্ক্যান করার পর চোটের ভয়াবহতা নিশ্চিত হওয়া গেছে। এবারের আসরে এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ুস মাত্রে। ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে দুটি হাফ সেঞ্চুরি করে দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই তরুণ। তার অনুপস্থিতি ওপেনিং জুটিতে বড় শূন্যতা তৈরি করবে।
মাত্রের আগেই পেসার খলিল আহমেদ এবং নাথান এলিস চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিসও শুরুর ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন। তবে ভক্তদের জন্য কিছুটা আশার কথা হলো, অভিজ্ঞ এমএস ধোনিকে একাদশে দেখার সম্ভাবনা বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ধোনি।
