‘শিগগিরই মুসিয়ালার জাদু দেখা যাবে’
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
পায়ের গুরুতর চোট কাটিয়ে ফেরার পর, এরইমধ্যে নিজের প্রভাব দেখাতে শুরু করেছেন জামাল মুসিয়ালা। যদিও এখনও সেরা চেহারায় দেখা যায়নি তাকে। বায়ার্ন মিউনিখ কোচ ভেঁসো কম্পানির বিশ্বাস, জার্মান প্লেমেকারের জাদু শিগগিরই আবার দেখতে পাবে ফুটবল বিশ্ব। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময় পিএসজির তখনকার গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার সঙ্গে মারাত্মক সংঘর্ষ হয় বায়ার্নের মুসিয়ালার। তাতে তার পা ভেঙে যায়, অ্যাঙ্কেল নড়ে যায়।
চোট কাটিয়ে এই বছরের শুরুতে মাঠে ফেরেন ২৩ বছর বয়সী মুসিয়ালা। সময়ের সঙ্গে তার ফিটনেসের উন্নতি হচ্ছে। ধীরে ধীরে তার খেলার সময়ও বাড়াচ্ছেন বায়ার্ন কোচ কম্পানি।
মুসিয়ালার অনুপস্থিতিতে মধ্যমাঠের দায়িত্ব সামলেছেন সের্গে জিনাব্রি। এখন আবার পেশির চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বাড়তি চাপ থাকবে মুসিয়ালার ওপর। ২০২০ সালের পর আর জার্মান কাপের ফাইনালে খেলতে পারেনি বায়ার্ন। আবার এই শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে বুধবার সেমি-ফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে মুসিয়ালাকে নিয়ে নিজের ভাবনা জানালেন কোচ কম্পানি।
‘জামাল এই মুহূর্তে ভালো অবস্থায় আছে। জানুয়ারিতেই বলেছিলাম, শারীরিকভাবে তার উন্নতি হচ্ছে। এখন সে শারীরিকভাবে সেরা অবস্থার খুব কাছে আছে। শুধু শক্তির দিকে নয়, ছুটে চলার মানসিকতার দিক থেকেও।’ ‘এখন প্রশ্ন হচ্ছে, কবে আবার মুসিয়ালার জাদু দেখা যাবে? শতভাগ নিশ্চিত তাকে সেই রূপে দেখা যাবে। খুব শিগগিরই। তবে এখনও ছেলেটি গোলমুখে যা করছে, সেটাও প্রতিপক্ষের জন্য হুমকি।’ গত রোববার স্টুটগার্ট ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে বুন্ডেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন। চলতি মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি তাদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে শিরোপাধারী পিএসজির বিপক্ষে লড়বে তারা।
চোট কাটিয়ে ফেরার পর, সব প্রতিযোগিতা মিলিয়ে শুধু একটি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন মুসিয়ালা।
