এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের দিন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান বিচ গেমস কাবাডিতে গতকাল বৃহস্পতিবার ছিল বাংলাদেশের দিন। এদিন দুইটি জয় পেয়েছে তারা। সকালে নারী দল থাইল্যান্ডকে আর বিকেলে পুরুষ দল সিরিয়াকে হারিয়েছে। সকালে চীনের সানিয়ায় গেমসের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারী খেলোয়াড়রা। ১৭ পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশকে ফেবারিট হিসেবে এক ধাপ এগিয়ে রাখল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।

পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে তারা হার মানতে বাধ্য হয়। এশিয়ান বিচ কাবাডিতে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ বরাবরই সমীহ জাগানিয়া নাম। থাইল্যান্ডের মতো দলকে ১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের নারীরা তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করলো। এই জয় নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে মানসিকভাবে অনেকখানি চাঙ্গা করে তুলবে। আজ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

একই দিন বিকেলে ছেলেদের কাবাডিতেও জয় পেয়েছে বাংলাদেশ। লাল সবুজের পুরুষ কাবাডি দল ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে সিরিয়াকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নি- ্রদ্রি, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

এদিকে এশিয়ান বিচ গেমসে কাবাডির পর ভলিবলেও জিতেছে বাংলাদেশ দল। পুরুষদের দল ২-০ সেটে হারিয়েছে লাওসকে। শুরুতে ২১-৯ পয়েন্টে জয় আসে। পরে ২১-১০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। আজ কাজাখস্তানের বিপক্ষে খেলবে হরষিত বিশ্বাস ও তার সঙ্গী।