বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্লাবভিত্তিক খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। যেখানে বিভিন্ন পর্যায়ের ক্লাব প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আত্মপ্রকাশের ঘোষণা দেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন, আমের খান, ফজলুর রহমান বাবুল, সাজেদ এএ আদেল, মাহবুবুর রহমান শাহিন, সারোয়ার হোসেন ও নুরুজ্জামান।
নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, ‘বাংলাদেশের খেলাধুলার সার্বিক মান উন্নয়নের জন্য শক্তিশালী ক্লাব কাঠামো অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো আর্থিক সংকট, অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটলে জাতীয় পর্যায়ে খেলাধুলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের এই উদ্যোগ।’ ক্রিকেট, ফুটবল ও হকির প্রায় ৬১টি ক্লাব এই সংগঠনে যোগ দিয়েছে বলেও জানান মোস্তাকুর রহমান। সামনে আরও ক্লাব বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের ছাতায় আশ্রয় নেবে বলেও জানানো হয়।
সভাপতি আবদুস সালামের কথা, ‘একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন-এর মতো ক্লাবগুলোর হাত ধরেই দেশের ফুটবল প্রাণ ফিরে পেয়েছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ক্লাবগুলোকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর ওপর গুরুত্বারোপ করা হয়।’ তিনি যোগ করেন, ‘ক্লাবগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং ক্লাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।’ পাশাপাশি তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্লাবগুলোর সমস্যার বাস্তবসম্মত সমাধান চান।
অনুষ্ঠানে বক্তারা আরও অভিযোগ করেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম ক্লাব ফুটবলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। তাদের মতে, ঢাকার ফুটবলকে আবার দর্শকের কাছে ফিরিয়ে আনতে হলে এসব ভেন্যুতে নিয়মিত লিগ আয়োজন জরুরি। বর্তমানে ক্লাবগুলোকে ঢাকার বাইরে গিয়ে বিভিন্ন জেলায় খেলা আয়োজন করতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। এই বাস্তবতায় ক্লাবগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা খুব শিগগিরই তাদের দাবিগুলো ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ফেডারেশনের কাছে উপস্থাপন করবে। তবে তারা এটিকে কোনো বিরোধিতা নয়, বরং উন্নয়নের অংশীদারিত্ব হিসেবে দেখতে চান। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, ক্রীড়া সংস্থা এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতায় দেশের ক্লাবভিত্তিক খেলাধুলা আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।
