আন্তর্জাতিক নারী হকিতে বাংলাদেশের ইতিহাস
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে হকির ইতিহাস-ঐতিহ্য অনেক হলেও নারী হকিতে এত দিন মূল জাতীয় দলই ছিল না। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। এই গেমস সামনে রেখে গত বছর থেকে জাতীয় নারী হকি দল গঠনের প্রক্রিয়া শুরু করে হকি ফেডারেশন। লক্ষ্য সামনে রেখে ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশ। সেখান থেকেই এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইয়ের জন্য প্রথমবারের জন্য জাতীয় দল গঠন করে ফেডারেশন। চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। অভিষেকের উত্তেজনা কাটতে না কাটতেই ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশের মেয়েরা। নতুন পথচলার শুরুতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল।
গতকাল শুক্রবার ইন্দোনেইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে লাল সবুজ দল। ম্যাচের শেষদিকে চাপের মুখেও দারুণ স্থিরতা দেখিয়েছে বাংলাদেশের তরুণ দল, যাদের বেশিরভাগই অনূর্ধ্ব-২১ পর্যায়ের খেলোয়াড়। সেই দৃঢ়তা দিয়েই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করে তারা। আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়, যা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসে জায়গা পাওয়ার লড়াইয়েও নতুন গতি এনে দিয়েছে। আগের ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ড্র করার পর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় তারা। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন গোল করেন। পরের মিনিটেই উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ২৪ মিনিটে কনা আক্তার আবার বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পর রিয়া পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে আরেক দফা এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে উজবেকিস্তানের খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। ম্যাচের বাকি ১৪ মিনিট বাংলাদেশ খুব সতর্কতার সাথে খেলে। খেলা শেষের হুইসেলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা বিজয় উল্লাস করে। এক গোল করা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরা হয়েছেন। গত বৃহস্পতিবার চাইনিজ তাইপের ম্যাচে তিনিই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করেছেন। গতকাল শুক্রবার সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং ম্যাচ সেরা হওয়ায় বেশ উচ্ছ্বসিত, ‘আমি অনেক খুশি হয়েছি আজকের খেলায় বেস্ট প্লেয়ার হওয়ায়। আমাদের দলের সবাই সহায়তা করেছে যার কারণে আমি এখানে আসতে পেরেছি।’ ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে বাংলাদেশই গ্রুপের শীর্ষে।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। বাংলাদেশ এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামীকাল শনিবার গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এক পয়েন্ট পেলেও সুযোগ থাকবে বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করার।
