হাতে ব্যান্ডেজ নিয়ে ঢাকায় নাহিদ রানা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়েন পেসার নাহিদ রানা। সিরিজজুড়ে তার গতির ঝড়ে বিপর্যস্ত হয় কিউই ব্যাটিং লাইনআপ, আর ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে বড় অবদান রেখে তিনি হন সিরিজসেরা। তবে শেষ ম্যাচে পাওয়া একটি অপ্রত্যাশিত চোট সমর্থকদের উদ্বিগ্ন করে তুলেছিল। গত বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় সীমানার বিজ্ঞাপনী বোর্ডের একটি পেরেকে লেগে তার ডান হাত কেটে যায়। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতে ব্যান্ডেজ করা হয়। স্বস্তির বিষয়, আঘাতটি গুরুতর না হওয়ায় কোনো সেলাইয়ের প্রয়োজন হয়নি।

বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী জানান, নাহিদ রানার চোট গুরুতর নয় এবং তিনি দ্রুতই সেরে উঠছেন। আশা করা হচ্ছে, এক-দুই দিনের মধ্যেই এই তরুণ পেসার আবার বোলিং অনুশীলনে ফিরতে পারবেন। ২৩ বছর বয়সী এই গতিতারকা পুরো সিরিজে দাপট দেখিয়েছেন। তার আগ্রাসী বোলিংয়ের সামনে নিউজিল্যান্ডের ব্যাটাররা চাপে পড়ে যায়। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সিরিজ শেষে নাহিদ রানা ঢাকায় ফিরেছেন। তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখা হয়নি। সব মিলিয়ে চোট নিয়ে শঙ্কা থাকলেও এখন স্বস্তির খবর-দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন নাহিদ রানা।

এদিকে ওয়ানডে সিরিজ শেষ করে নাহিদ রানা গতকাল শুক্রবার রাতে ঢাকায় ফিরে এসেছেন। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়নি। এছাড়া তাকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি বিসিবি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। আপাতত তাকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নাহিদকে পূর্ণ বিশ্রামে রেখে লাল বলের প্রস্তুতির ওপর জোর দিচ্ছে বিসিবি।