পাকিস্তানের সঙ্গে পারল না কাবাডি দল
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চীনের সানিয়াতে চলছে এশিয়ান বিচ গেমস। সেখানে বাংলাদেশের পদকের সম্ভাবনা মূলত কাবাডিতে। গত বৃহস্পতিবার নারী ও পুরুষ কাবাডি উভয় ইভেন্টে বাংলাদেশ জিতেছিল। গতকাল শুক্রবার পুরুষ ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ৪৩-৩০ পয়েন্টে হেরেছে তারা। বৃষ্টির জন্য নারী ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচটি ২৬ এপ্রিল পুনর্নির্ধারিত হয়েছে। গেমসে বাংলাদেশ ডিসিপ্লিনের ফলাফল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে সরবারহ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। চলমান এশিয়ান বিচ গেমসে এখন পর্যন্ত বিওএ আনুষ্ঠানিক কোনো ফলাফলই মিডিয়ায় দেয়নি। এমনকি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কন্টিনজেন্টের ছবিও দেয়নি।
কাবাডি ফেডারেশন অবশ্য গত বৃহস্পতিবার তাদের নিজস্ব মিডিয়া গ্রুপে বাংলাদেশের ফলাফল দিয়েছিল। আজ পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হারের পর তারাও নিশ্চুপ। বিগত সময়েও এমন রীতি দেখা গেছে। জয়ের পর তাৎক্ষণিক রেজাল্ট ও ছবি দিলেও হারলে ঘটে বিপরীত চিত্র। খেলাধুলায় হারজিত থাকে। ফলাফল যেটাই হোক সেটা দ্রুত সময় প্রদান করাই প্রকৃত পেশাদারিত্ব। কাবাডির পাশাপাশি গতকাল বিচ অ্যাথলেটিকসে বাংলাদেশের খেলা ছিল।
