পেশাদারিত্বের পথে হাঁটছে অ্যাথলেটিকস

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক অঙ্গণে পদক জিতলেও অ্যাথলেটদের সেই কীর্তি সংরক্ষণ নেই অ্যাথলেটিকস ফেডারেশনে। নারী অ্যাথলেটদের নিগৃহের খবরও জানতে পারতেন না কেউ।

কারন লজ্জা-ভয়ে সেসব কথা তারা বলতে পারতেন না কাউকে। এসব এখন অতীত অ্যাথলেটিকস ফেডারেশনে। অ্যাথলেটদের কীর্তিগাঁথা নিয়ে ডাটাবেজ ও আর্কাইভের জন্য নতুন ওয়েবসাইট তৈরী করছেন বর্তমান অ্যাডহক কমিটির কর্মকর্তারা। সেই সঙ্গে নারী অ্যাথলেটদের জন্য প্রণয়ন করা হয়েছে সেফগার্ডিং (সুরক্ষানীতি)। গতকাল শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।

মজিবুর রহমান মল্লিক, কিতাব আলী, প্রয়াত শাহ আলম, মিলজার হোসেন, মিজানুর রহমান, মো. শাহ আলম, ইকবাল হোসেন, গোলাম আম্বিয়া, প্রয়াত মাহবুব আলমের মতো অ্যাথলেটরা দক্ষিণ এশিয়ান গেমস মাতিয়ে পদক জিতেছেন। কিন্তু তাদের সেসব কীর্তির কোনো তথ্য নেই কোথাও।

জাতীয় চ্যাম্পিয়নশিপে কে কতবার দ্রুততম মানব কিংবা মানবী হয়েছেন- তারও কোনো তথ্য নেই ফেডারেশনের কাছে। তাই এবার সেই তথ্য সংরক্ষনের উদ্যোগ নিয়েছেন নতুন সভাপতি। ওয়েবসাইটে প্রত্যেক অ্যাথলেটের জাতীয় ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সব তথ্যই নাকি পাওয়া যাবে এখানে। নাঈম আশফাক চৌধুরীর কথা, ‘পুরাতন ও নতুন অ্যাথলেটদের জাতীয় ও আন্তর্জাতিক ক্যারিয়ারের যাবতীয় তথ্য থাকবে এই সাইটে। আশাকরি কখনোই এই সাইট বন্ধ হবে না। কারণ যাবতীয় খরচা দেবে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)।’

ট্র্যাকে খেলতে এসে অনেক নারী অ্যাথলেট নানা সমস্যার সম্মুখিন হন। কেউ নিগৃহীত হন। আবার কেউ কেউ অশালীন আচরনের শিকারও হন। কিন্তু লোক-লজ্জার ভয়ে তারা এসব কথা কাউকে বলতে পারতেন না। নারী অ্যাথলেটদের এসব সমস্যার সমাধানে এবার সেফগার্ডিং বা সুরক্ষানীতি তৈরী করেছে ফেডারেশন।

যার প্রধান হিসাবে কাজ করবেন প্রফেসর ড. ওয়াজিদা বানু। নারী অ্যাথলেটরা তাদের সব নিগৃহীত সমস্যার নালিশ করতে পারবেন। সভাপতি আরও বলেন, ‘সুরক্ষানীতির প্রধান হিসাবে কাজ করবেন প্রফেসর ড. ওয়াজিদা বানু। যদি তার সমাধান অ্যাথলেটের মনপুত না হয়, তাহলে সেটা পুলিশের কাছে রেফার করা হবে।’